মোহাম্মদ জনি, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ১২ আগস্ট : স্বাধীনতা দিবসকে সামনে রেখে দেশাত্মবোধ, জাতীয় ঐক্য ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিতে শ্রীভূমিতে অনুষ্ঠিত হলো বর্ণাঢ্য ‘হর ঘর তিরঙ্গা’ বাইক র্যালি। মঙ্গলবার বিকেলে জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এই র্যালিকে ঘিরে শহরজুড়ে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ। বিকেল ৪টায় শ্রীভূমি শহরের সার্কিট হাউসের সামনে থেকে র্যালির আনুষ্ঠানিক সূচনা করেন অতিরিক্ত জেলা কমিশনার লালরোহলু খিয়েংতে ও সহকারী কমিশনার রসিকা ইসলাম। তাঁরা সবুজ পতাকা নেড়ে র্যালির ফ্ল্যাগ-অফ করেন।
র্যালিতে জেলা প্রশাসনের বিভিন্ন বিভাগের আধিকারিক ও কর্মচারী, করিমগঞ্জ ল কলেজের ছাত্রছাত্রী, পুলিশ প্রশাসনের সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। জাতীয় পতাকা হাতে এবং বাইকে তেরঙ্গা উড়িয়ে অংশগ্রহণকারীরা শহরের গুরুত্বপূর্ণ সড়ক পরিক্রমা করেন।
সার্কিট হাউস থেকে শুরু হয়ে র্যালিটি শহিদ বেদী, জেলা গ্রন্থাগার রোড, সদর থানা সংলগ্ন এলাকা-সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পথ অতিক্রম করে। পথে সাধারণ মানুষও র্যালিকে স্বাগত জানান। তিরঙ্গায় সজ্জিত বাইক ও মানুষের উপস্থিতিতে শহরের রাজপথে সৃষ্টি হয় মনোমুগ্ধকর দৃশ্য।

জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, স্বাধীনতা দিবস কেবল জাতীয় উৎসব নয়, এটি দেশের প্রতি দায়বদ্ধতা, ঐক্য ও সম্প্রীতির প্রতীক। ধর্ম, বর্ণ ও ভাষার ভেদাভেদ ভুলে জাতীয় ঐক্যের বন্ধন আরও শক্তিশালী করাই এই কর্মসূচির অন্যতম উদ্দেশ্য।
র্যালির মাধ্যমে স্বাধীনতা সংগ্রামীদের আত্মত্যাগ স্মরণ করার পাশাপাশি দেশের সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষার বার্তাও তুলে ধরা হয়। পরে র্যালিটি জেলা আবর্ত ভবন সংলগ্ন এলাকায় এসে শেষ হয়। স্বাধীনতা দিবসের প্রাক্কালে এই উদ্যোগে শ্রীভূমিতে দেশপ্রেমের আবহ আরও গভীর হয়ে ওঠে।



