‘পড়ুয়ারা আমাদের সন্তান’, ঝাড়খণ্ডে পুলিশি দমনপীড়নের প্রতিবাদে বনধের ডাক বিজেপির

Spread the news

১১ আগস্ট : ঝাড়খণ্ডে শিক্ষক ও সরকারি নিয়োগ পরীক্ষায় ব্যাপক অনিয়মের অভিযোগ তুলে আন্দোলনরত পড়ুয়াদের ওপর পুলিশের নির্বিচারে লাঠিচার্জের ঘটনায় রাজ্যজুড়ে তোলপাড় পড়েছে। শান্তিপূর্ণ প্রতিবাদ মিছিলে পুলিশের এই আক্রমণের প্রতিবাদে এবং ছাত্রসমাজের দাবির সমর্থনে মঙ্গলবার রাজ্যজুড়ে সম্পূর্ণ বন্‌ধের ডাক দিয়েছে ঝাড়খণ্ড বিজেপি। দলের পক্ষ থেকে জানানো হয়েছে, সোমবারের বিক্ষোভে যেভাবে অন্যায়ের শিকার হতে হয়েছে পড়ুয়াদের, তার বিরুদ্ধেই এই কর্মসূচি।

রাজ্য পাবলিক সার্ভিস কমিশন এবং স্টাফ সিলেকশন কমিশনের বিভিন্ন নিয়োগ পরীক্ষায় দুর্নীতির অভিযোগ তুলে গত দু’সপ্তাহেরও বেশি সময় ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন হাজার হাজার চাকরিপ্রার্থী। সরকারের সঙ্গে দফায় দফায় আলোচনা ব্যর্থ হওয়ার পর সোমবার বিধানসভা ঘেরাওয়ের ডাক দেয় ক্ষুব্ধ ছাত্রসমাজ। হাজার হাজার পড়ুয়ার সেই শান্তিপূর্ণ মিছিল আটকে দিতে নির্বিচারে লাঠিচার্জ করে ঝাড়খণ্ড পুলিশ। ব্যবহার করা হয় জলকামান ও কাঁদানে গ্যাসের শেল। প্রতিবাদী পড়ুয়াদের অভিযোগ, কোনওরকম পূর্বঘোষণা বা সতর্কবার্তা ছাড়াই তাঁদের ওপর চড়াও হয় পুলিশ। এই অত্যাচারে শতাধিক পড়ুয়া গুরুতর আহত হয়েছেন।

ইন্ডিয়া জোটের শরিক হওয়া সত্ত্বেও হেমন্ত সোরেন-সরকারের এই পদক্ষেপের তীব্র সমালোচনা করেছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধি। তিনি স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন যে, পড়ুয়াদের গণতান্ত্রিক উপায়ে শান্তিপূর্ণ প্রতিবাদের অধিকার রয়েছে এবং তাঁদের ওপর এই ধরনের বলপ্রয়োগ কোনওভাবেই সমর্থনযোগ্য নয়।

আন্দোলনকারীদের ওপর পুলিশি হিংসার তীব্র নিন্দা করে রাজ্য বিজেপির সভাপতি আদিত্য সাহু বলেছেন, “চাকরি বিক্রি করা হচ্ছে। আমাদের সন্তানদের উপর অন্যায় অত্যাচার চলছে। বর্বরের মতো আমাদের সন্তানদের উপর লাঠি চলেছে। প্রতিবাদী পড়ুরা আমাদের সন্তান। তাই ওদের পাশে দাঁড়িয়ে বিজেপি কর্মীরা পথে নামবেন।”

আন্দোলনকারী চাকরিপ্রার্থীরা সরকারের কাছে মূলত তিনটি প্রধান দাবি পেশ করেছেন। প্রথমত, সমস্ত নিয়োগ দুর্নীতির অভিযোগে সিবিআই বা ইডি দিয়ে নিরপেক্ষ তদন্ত করতে হবে। দ্বিতীয়ত, নিয়োগ ব্যবস্থার পূর্ণ স্বচ্ছতা না আসা পর্যন্ত সমস্ত পরীক্ষা স্থগিত রাখতে হবে। তৃতীয়ত, নিয়োগ ব্যবস্থার কাঠামোগত পরিবর্তন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *