মোহাম্মদ জনি, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ১০ আগস্ট : জনগণনা ২০২৭ সুষ্ঠু, নির্ভুল ও সময়োপযোগীভাবে সম্পন্ন করার লক্ষ্যে শ্রীভূমি জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত চতুর্থ তথা শেষ পর্যায়ের প্রশিক্ষণ কর্মসূচি সফলভাবে শেষ হয়েছে। গত ৪ থেকে ৬ আগস্ট পর্যন্ত তিন দিন ধরে জেলার বিভিন্ন প্রশিক্ষণ কেন্দ্রে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণে জনগণনা কার্যক্রমের সঙ্গে যুক্ত আধিকারিক, সুপারভাইজার এবং মাঠকর্মীদের হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়। রবীন্দ্রসদন, করিমগঞ্জ কলেজ, এনসি কলেজ (বদরপুর), মডেল হায়ার সেকেন্ডারি স্কুল (পাথারকান্দি), আরকে নগর কলেজ, আরকে নগর এবং শ্রীভূমি PHE কার্যালয়ে প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়। প্রশিক্ষকরা তথ্য সংগ্রহের পদ্ধতি, ডিজিটাল তথ্য সংরক্ষণ, তথ্যের গোপনীয়তা বজায় রাখা, তথ্য যাচাই এবং সরকারি নির্দেশিকা অনুসরণের বিভিন্ন দিক তুলে ধরেন। পাশাপাশি মাঠপর্যায়ে সম্ভাব্য সমস্যা মোকাবিলা, নাগরিকদের সঙ্গে কার্যকর যোগাযোগ এবং নির্ধারিত সময়ের মধ্যে কাজ সম্পন্ন করার কৌশল নিয়েও বিস্তারিত আলোচনা হয়। বাস্তব পরিস্থিতির অনুকরণে অনুশীলন ও প্রশ্নোত্তর পর্বেরও আয়োজন করা হয়।
জেলা প্রশাসনের মতে, জনগণনা শুধু জনসংখ্যা গণনার প্রক্রিয়া নয়; দেশের সামাজিক, অর্থনৈতিক ও জনমিতিক চিত্র নির্ধারণের অন্যতম প্রধান ভিত্তি। শিক্ষা, স্বাস্থ্য, আবাসন, কর্মসংস্থান, খাদ্য নিরাপত্তা ও সামাজিক সুরক্ষার মতো বিভিন্ন ক্ষেত্রে ভবিষ্যৎ পরিকল্পনা প্রণয়নে জনগণনার তথ্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
চার দফা প্রশিক্ষণের মাধ্যমে সংশ্লিষ্ট জনবলকে মাঠপর্যায়ের কাজের জন্য প্রস্তুত করা হয়েছে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়। একইসঙ্গে জনগণের সঠিক তথ্য প্রদানের মাধ্যমে এই জাতীয় কর্মসূচিকে সফল করার আহ্বান জানানো হয়েছে।



