নিপ্পু লস্কর, সোনাই।
বরাক তরঙ্গ, ১০ আগস্ট : বিশেষ অন্নদান সপ্তাহের অঙ্গ হিসেবে জেলার অন্যান্য এলাকার সঙ্গে সোনাইয়েও রেশন ডিলারদের মাধ্যমে আগস্ট মাসের জন্য রেহাই মূল্যে ডাল ও লবণ বিতরণ করা হলো। সোমবার সোনাই শহরের ১ নম্বর ওয়ার্ডে এই খাদ্যসামগ্রী বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিজেপি নেতা ভজন সেন।
কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে ভজন সেন জানান, কয়েক মাস আগে অসম সরকার রেহাই মূল্যে ডাল ও লবণ বিতরণ কর্মসূচি সাময়িকভাবে বন্ধ করে দিয়েছিল। তবে রাজ্যের খাদ্য ও অসামরিক সরবরাহ বিভাগের মন্ত্রী কৌশিক রায়ের তৎপরতায় ফের এই পরিষেবা চালু করা হয়েছে। এর ফলে সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরেছে বলে তিনি দাবি করেন।
ভজন সেন আরও আশাবাদ ব্যক্ত করে বলেন, আগামী দিনে হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বাধীন অসম সরকার সাধারণ মানুষের সুবিধার্থে ভোজ্য তেলও রেহাই মূল্যে বিতরণের ব্যবস্থা করবে। সরকারের এই ধরনের জনমুখী উদ্যোগ খাদ্যসামগ্রীর মূল্যবৃদ্ধির সময়ে সাধারণ মানুষের জন্য সহায়ক হবে বলেও তিনি উল্লেখ করেন।
এদিকে, দীর্ঘ বিরতির পর ফের রেহাই মূল্যে ডাল-চিনি পেয়ে গ্রাহকদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায়। অনেকেই সরকারের এই উদ্যোগকে স্বাগত জানান। রেশন দোকানগুলিতে খাদ্যসামগ্রী সংগ্রহ করতে উপভোক্তাদের উপস্থিতিও ছিল উল্লেখযোগ্য।



