বরাক তরঙ্গ, ১০ আগস্ট : শিলচরের পেনশনার্স ভবনে সোমবার এসইউসিআই (সি)-র কাছাড় জেলা কমিটির উদ্যোগে একটি কর্মিসভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন দলের পলিটব্যুরো সদস্য অমিতাভ চ্যাটার্জি।
কর্মিসভায় বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে দলের কর্মীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন অমিতাভ চ্যাটার্জী। একই সঙ্গে ভারতের সাধারণ মানুষের বিভিন্ন সমস্যার মূল কারণ হিসেবে পুঁজিবাদী অর্থনৈতিক ব্যবস্থার কথা তুলে ধরে মহান মার্ক্সবাদী চিন্তাবিদ শিবদাস ঘোষের চিন্তার আলোকে বিষয়টি ব্যাখ্যা করেন তিনি।
অমিতাভ চ্যাটার্জি বলেন, দেশে ছাত্র, যুব, শ্রমিক ও কৃষকরা তাঁদের ন্যায়সঙ্গত দাবিদাওয়া নিয়ে একের পর এক আন্দোলন সংগঠিত করছেন। তবে এসব সমস্যার মূল কারণ হিসেবে পুঁজিবাদী ব্যবস্থাকে চিহ্নিত করে সমাজতান্ত্রিক বিপ্লবের সহায়ক শক্তি হিসেবে গণআন্দোলন গড়ে তুলতে না পারলে জনগণের প্রকৃত মুক্তি সম্ভব নয়।
কর্মিসভায় উপস্থিত ছিলেন দলের কাছাড় জেলা সম্পাদক ভবতোষ চক্রবর্তী। এছাড়াও জেলা কমিটির সদস্য শ্যামদেও কুর্মী, সুব্রতচন্দ্র নাথ, নকুল চন্দ্র পাল-সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।



