কানোয়ার যাত্রায় ১৫ কিলোমিটার লম্বা যানজট জাতীয় সড়কে, আটকে বহু

Spread the news

১০ আগস্ট : চলছে কানোয়ার যাত্রা। সেই উপলক্ষ্যে বহু পুণ্য়ার্থী হেঁটে রওনা দিচ্ছেন তীর্থক্ষেত্রে। আর তার জেরেই সোমবার সকাল থেকেই প্রবল ট্র্যাফিক জ্যাম উত্তরপ্রদেশের গাজ়িয়াবাদে ফাজিলকা-অশকোট ৯ নম্বর জাতীয় সড়কে। একের পর এক গাড়ি দাঁড়িয়ে রয়েছে। প্রায় ১৫ কিলোমিটার লম্বা ট্র্যাফিক জ্যামে আটকে রয়েছেন বহু মানুষ। সপ্তাহের প্রথম কাজের দিনে প্রবল সমস্যায় পড়েছেন নিত্যযাত্রী থেকে সাধারণ মানুষ।

জানা গিয়েছে, জাতীয় সড়কের পাশাপাশি গাজ়িয়াবাদের একাধিক রাস্তাতেও প্রবল যানজট দেখা গিয়েছে। লালকুয়া, জিটি রোড, রাজনগর এক্সটেনশন এলিভেটেড রোড, রাজনগর এক্সটেনশন মেন রোড, এক্সটেনশন স্কোয়্যার এবং শাহবেরী রোড এলাকায় তীব্র যানজট রয়েছে। রাস্তায় একাধিক ডাইভারশনও রয়েছে। এর জেরে অন্যান্য দিনের তুলনায় প্রায় দ্বিগুণ বেশি সময় লাগছে গন্তব্যে পৌঁছতে।

কানোয়ার যাত্রীদের জন্য ১১ অগস্ট পর্যন্ত দিল্লি-মিরাট এক্সপ্রেসওয়েতে গাড়ি চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। এর ফলে ৯ নম্বর জাতীয় সড়ক এবং ইস্টার্ন পেরিফেরাল এক্সপ্রেসওয়েতে গাড়ির চাপ বেড়েছে। এর ফলেই গাড়ি চলাচলে সমস্যা তৈরি হয়েছে। দ্রুত যানজট সরিয়ে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছে প্রশাসন।

প্রসঙ্গত, প্রতি বছর বহু তীর্থযাত্রী কানোয়ার যাত্রায় অংশ নেন। হরিদ্বার, গোমুখ, গঙ্গোত্রী-সহ একাধিক তীর্থক্ষেত্রে যান কানওয়ার যাত্রীরা। সেখান থেকে গঙ্গাজল সংগ্রহ করে নিয়ে আসেন কানোয়ার যাত্রীরা। মূলত হেঁটেই এই যাত্রা করেন কানোয়ারিরা। এর জেরে প্রতি বছরেই উত্তরপ্রদেশ, দিল্লি-সহ একাধিক জায়গায় যান চলাচল নিয়ন্ত্রণের ব্যবস্থা করে প্রশাসন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *