মোহাম্মদ জনি, পাথারকান্দি।
বরাক তরঙ্গ, ৯ আগস্ট : লোয়াইরপোয়া উন্নয়ন ব্লকের অন্তর্গত বাজারিছড়া বাজারের বিশিষ্ট ওষুধ ব্যবসায়ী, রায় মেডিক্যালের স্বত্বাধিকারী এবং সমাজসেবী নিরঞ্জন রায় আর নেই। রবিবার সকালে শিলচরের এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বয়স হয়েছিল ৭৩ বছর। তাঁর মৃত্যুসংবাদ ছড়িয়ে পড়তেই বাজারিছড়া, কটামণি এবং আশপাশের বিস্তীর্ণ এলাকাজুড়ে নেমে আসে গভীর শোকের ছায়া। কয়েক দশক ধরে সততা, নিষ্ঠা, মানবিকতা ও সেবার মাধ্যমে মানুষের আস্থা অর্জন করা এই প্রবীণ ব্যবসায়ীর প্রয়াণে শোকস্তব্ধ হয়ে পড়েছেন সর্বস্তরের মানুষ। ব্যবসায়ী সমাজের পাশাপাশি সাধারণ মানুষের কাছেও তিনি ছিলেন এক নির্ভরতার প্রতীক।
পারিবারিক সূত্রে জানা যায়, গত সপ্তাহে গভীর রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাঁকে প্রথমে মাকুন্দা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাঁকে শিলচরের এক বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়। চিকিৎসকদের সর্বাত্মক প্রচেষ্টা সত্ত্বেও শেষ পর্যন্ত রবিবার সকালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক পুত্র, এক কন্যা, জামাতা এবং অসংখ্য আত্মীয়-স্বজন, শুভানুধ্যায়ী ও গুণগ্রাহী রেখে গেছেন।
রবিবার দুপুরে বাজারিছড়া বাজার সংলগ্ন স্থায়ী শ্মশানঘাটে আত্মীয়-স্বজন, শুভানুধ্যায়ী এবং বিপুল সংখ্যক মানুষের উপস্থিতিতে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়।



