সরকারি প্রকল্পে সুবিধা পাইয়ে দেওয়ার নামে অর্থ আদায়ের অভিযোগ, কাটিগড়ায় চাঞ্চল্য

Spread the news

শমীন্দ্র পাল, কাটিগড়া।
বরাক তরঙ্গ, ৭ আগস্ট :
কাছাড় জেলার কাটিগড়া বিধানসভা কেন্দ্র এলাকার নিজ ফুলবাড়ি গ্রামে সরকারি কল্যাণমূলক প্রকল্পে সুবিধা পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে অর্থ আদায়ের গুরুতর অভিযোগ উঠেছে টুনু দাস নামে এক যুবকের বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে এলাকাজুড়ে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

ভুক্তভোগীদের অভিযোগ, নিজেকে বিজেপির নেতা-কর্মী হিসেবে পরিচয় দিয়ে টুনু দাস প্রধানমন্ত্রী আবাস যোজনা, অরুণোদয় সহ বিভিন্ন সরকারি প্রকল্পে নাম অন্তর্ভুক্ত করে সরকারি সুবিধা পাইয়ে দেওয়ার আশ্বাস দেন। সেই প্রতিশ্রুতির ভিত্তিতে একাধিক ব্যক্তির কাছ থেকে তিনি বিভিন্ন অঙ্কের টাকা নিয়েছেন বলে অভিযোগ।
অভিযোগকারীদের দাবি, দীর্ঘদিন অতিবাহিত হলেও প্রতিশ্রুতি অনুযায়ী কোনো সরকারি সুবিধা মেলেনি। বারবার যোগাযোগ করেও সন্তোষজনক জবাব না পাওয়ায় প্রতারিত হওয়ার আশঙ্কায় তারা বিষয়টি প্রকাশ্যে আনেন।

এদিকে, ঘটনায় এলাকায় ক্ষোভের সঞ্চার হয়েছে। অভিযুক্তের বিরুদ্ধে যথাযথ তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। তবে এই অভিযোগের বিষয়ে অভিযুক্ত টুনু দাসের বক্তব্য এখনও পাওয়া যায়নি। তাঁর প্রতিক্রিয়া পাওয়া গেলে তা যথাযথ গুরুত্বের সঙ্গে প্রকাশ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *