১৬ লক্ষ টাকার রাস্তা নির্মাণে ব্যাপক অনিয়মের অভিযোগ, কাজ শেষের আগেই বসে যাচ্ছে সিসি ব্লক

Spread the news

শমীন্দ্র পাল, কাটিগড়া।
বরাক তরঙ্গ, ৭ আগস্ট :
কাছাড় জেলার বড়খলা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত চান্দপুর এলাকায় গ্রামোন্নয়ন বিভাগের অধীনে প্রায় ১৬ লক্ষ টাকা ব্যয়ে নির্মীয়মাণ একটি সিসি রাস্তার কাজে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। নির্মাণকাজ এখনও চলমান থাকলেও ইতোমধ্যেই রাস্তার বিভিন্ন স্থানে সিসি ব্লক নিচের দিকে বসে গিয়ে গর্তের সৃষ্টি হতে শুরু করেছে। এছাড়াও একাধিক স্থানে ঢালাই খসে পড়ার ঘটনাও নজরে এসেছে।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, নির্মাণকাজ শেষ হওয়ার আগেই যদি রাস্তার এমন বেহাল দশা হয়, তাহলে যানবাহন চলাচল শুরু হওয়ার পর রাস্তার অবস্থা কী হবে, তা সহজেই অনুমান করা যায়। তাদের দাবি, নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহার এবং যথাযথ তদারকির অভাবের কারণেই এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

এলাকাবাসীর অভিযোগ, সরকারি অর্থ ব্যয়ে নির্মিত উন্নয়নমূলক প্রকল্পে যদি শুরুতেই এমন ত্রুটি দেখা দেয়, তবে সরকারি অর্থের সঠিক ব্যবহার নিয়ে প্রশ্ন উঠছে। তারা অবিলম্বে নির্মাণ কাজের গুণগত মান পরীক্ষা করে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং রাস্তার ত্রুটিপূর্ণ অংশ পুনর্নির্মাণের দাবি জানিয়েছেন।

ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের আশা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *