৭ আগস্ট : LGBTQ সম্প্রদায় ও সমলিঙ্গ বিবাহ নিয়ে আরএসএস (RSS)-এর অবস্থান সম্পর্কে মুখ খুললেন সংঘপ্রধান মোহন ভাগবত। মুম্বইয়ে ইন্ডিয়া’স ইন্টারন্যাশনাল মুভমেন্ট টু ইউনাইট নেশনস (IIMUN)-এর এক অনুষ্ঠানে প্রশ্নোত্তর পর্বে তিনি এ বিষয়ে নিজের মতামত তুলে ধরেন।
অনুষ্ঠানে এক প্রশ্নকারী জানতে চান, সমলিঙ্গ বিবাহ নিয়ে তরুণ প্রজন্মের মধ্যে ব্যাপক আলোচনা হলেও কেন আরএসএস এটিকে আইনগত স্বীকৃতির পক্ষে নয়। প্রশ্নের উত্তরে মোহন ভাগবত বলেন, “LGBTQ সম্প্রদায়ের মানুষও আমাদের সমাজেরই অংশ। ভারতীয় সমাজে সকলকে সঙ্গে নিয়ে চলার ঐতিহ্য রয়েছে।”
তবে সমলিঙ্গ বিবাহ প্রসঙ্গে তিনি বলেন, ভারতীয় সংস্কৃতিতে বিবাহ কেবল দুই ব্যক্তির একসঙ্গে বসবাসের ব্যবস্থা নয়, এটি একটি সামাজিক প্রতিষ্ঠান। তাঁর মতে, পরিবারের ভিত্তিতেই সমাজ গড়ে ওঠে এবং ভবিষ্যৎ প্রজন্ম সেই পরিবারের মধ্যেই মূল্যবোধ ও নাগরিকত্বের শিক্ষা লাভ করে।
মোহন ভাগবতের দাবি, প্রাচীনকাল থেকে চলে আসা এই সামাজিক কাঠামো পরিবর্তনের আগে বিকল্প ব্যবস্থা নিয়ে সমাজে বিস্তৃত আলোচনা ও প্রস্তুতি প্রয়োজন। তিনি বলেন, “আইন করে সমাজকে বদলানো যায় না, বরং সমাজের প্রয়োজন থেকেই আইন তৈরি হয়। তাই আগে সমাজকে এই বিষয়ে শিক্ষিত ও প্রস্তুত করতে হবে।”
সমলিঙ্গের সঙ্গীদের একসঙ্গে বসবাসের অধিকার প্রসঙ্গে সংঘপ্রধান বলেন, এমন একটি আইনি ও সামাজিক কাঠামো তৈরি করা যেতে পারে, যাতে সমলিঙ্গের সঙ্গীরা মর্যাদার সঙ্গে একসঙ্গে থাকতে পারেন। তাঁর মতে, এ ধরনের ব্যবস্থার জন্য আইন প্রণয়ন করা হলে সমাজ ধীরে ধীরে তা গ্রহণ করতে পারে।



