বরাক তরঙ্গ, ৬ আগস্ট: ১৩৫তম ইন্ডিয়ান অয়েল ডুরান্ড কাপের গ্রুপ ‘এফ’-এর গুরুত্বপূর্ণ ম্যাচে দুর্দান্ত জয় তুলে নিল বডোল্যান্ড এফসি। বৃহস্পতিবার ইন্দিরা গান্ধী অ্যাথলেটিক স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে তারা এফসিআই-কে ৩-০ গোলে পরাজিত করে টুর্নামেন্টে জয়ের খাতা খুলেছে।
প্রথম ম্যাচে নর্থইস্ট ইউনাইটেডের কাছে হারের পর এই জয় বডোল্যান্ড শিবিরে নতুন আত্মবিশ্বাস এনে দিয়েছে। ম্যাচের ৫৭ মিনিটে নারজারির নিখুঁত ক্রস থেকে হেডে গোল করে দলকে এগিয়ে দেন রবিনসন রেন্ডন। এর আগে একই ধরনের দুটি সুযোগ হাতছাড়া করেছিলেন তিনি।
এরপর বদলি খেলোয়াড় ঋতুরাজ মোহন ও অ্যারন থাপা মাত্র চার মিনিটের ব্যবধানে আরও দুটি গোল করে বডোল্যান্ডের জয় নিশ্চিত করেন। ৭৮ মিনিটে নারজারির ফ্রি-কিক প্রতিপক্ষের রক্ষণে লেগে ফিরে এলে সুযোগ কাজে লাগিয়ে গোল করেন ঋতুরাজ। ৮২ মিনিটে দুর্দান্ত ব্যক্তিগত নৈপুণ্যে বক্সে ঢুকে নিচু শটে দলের তৃতীয় গোলটি করেন অ্যারন থাপা। এই জয়ের ফলে দুই ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে গ্রুপে আবারও প্রতিদ্বন্দ্বিতায় ফিরেছে বডোল্যান্ড এফসি। যদিও প্রথম ম্যাচের বড় ব্যবধানে হারের কারণে তাদের গোল পার্থক্য এখনও ঋণাত্মক।
অন্যদিকে, প্রথম ম্যাচে জয়ের সুবাদে এফসিআইও দুই ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে গোল পার্থক্যে বডোল্যান্ডের উপরে থেকে দ্বিতীয় স্থানে রয়েছে। অপরাজিত নর্থইস্ট ইউনাইটেড গ্রুপের শীর্ষে রয়েছে, আর কার্বি আংলং মর্নিং স্টার এফসি এখনও পয়েন্টের খাতা খুলতে পারেনি।



