সরকারি কর্মচারীদের নিষ্ঠা ও জনসেবার স্বীকৃতিতে শ্রীভূমিতে পালিত ‘লোক কল্যাণ দিবস’

Spread the news

মোহাম্মদ জনি, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ৫ আগস্ট :
অসমের প্রথম মুখ্যমন্ত্রী ও ভারতরত্ন লোকপ্রিয় গোপীনাথ বরদলৈয়ের তিরোধান দিবস উপলক্ষে বুধবার সমগ্র রাজ্যের পাশাপাশি শ্রীভূমি জেলায় যথাযোগ্য মর্যাদায় পালিত হয় ‘লোক কল্যাণ দিবস’। জেলা প্রশাসনের উদ্যোগে জেলা আয়ুক্ত কার্যালয়ের সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে সরকারি কর্মচারীদের কর্মনিষ্ঠা, সততা ও জনসেবার স্বীকৃতিস্বরূপ ‘লোক সেবা পুরস্কার’-এর তাৎপর্য তুলে ধরা হয়।
অনুষ্ঠানের সূচনায় জেলা পরিষদের সিইও মুন গগৈ, অতিরিক্ত জেলা আয়ুক্ত এল খিংতে, সপ্ততি এন্দো, মারিয়া তানিম-সহ উপস্থিত বিশিষ্ট ব্যক্তিরা লোকপ্রিয় গোপীনাথ বরদলৈয়ের প্রতিকৃতিতে প্রদীপ প্রজ্বলন ও পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অতিরিক্ত জেলা আয়ুক্ত মারিয়া তানিম।

এদিন গোপীনাথ বরদলৈয়ের জীবন, সংগ্রাম, আদর্শ এবং আধুনিক অসম গঠনে তাঁর ঐতিহাসিক অবদান নিয়ে নির্মিত একটি তথ্যচিত্র প্রদর্শিত হয়। উপস্থিত কর্মকর্তা-কর্মচারী ও অতিথিরা তা গভীর আগ্রহের সঙ্গে উপভোগ করেন।

বক্তব্য রাখতে গিয়ে অতিরিক্ত জেলা আয়ুক্ত মারিয়া তানিম বলেন, জনসেবায় নিষ্ঠা, সততা ও কর্মদক্ষতার স্বীকৃতিস্বরূপ রাজ্য সরকার প্রতি বছর ‘লোক সেবা পুরস্কার’ প্রদান করে। এই পুরস্কারের আওতায় নির্বাচিত সরকারি কর্মচারীকে ২৫ হাজার টাকা, একটি প্রশংসাপত্র এবং চাকরির মেয়াদ এক বছর বৃদ্ধির সুযোগ দেওয়া হয়। তাঁর মতে, এই উদ্যোগ সরকারি কর্মচারীদের আরও দায়িত্বশীল ও আন্তরিকভাবে কাজ করতে উৎসাহিত করবে।

জেলা পরিষদের সিইও মুন গগৈ তাঁর বক্তব্যে বলেন, লোকপ্রিয় গোপীনাথ বরদলৈয়ের আদর্শ, দেশপ্রেম ও মানবিক মূল্যবোধ আজও সমান প্রাসঙ্গিক। তিনি বিশেষভাবে উল্লেখ করেন, সরকারি দপ্তরের তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারীরা নীরবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করলেও তাঁদের অবদান অনেক সময় যথাযথ মূল্যায়ন পায় না। সেই অবদানকে স্বীকৃতি দিতেই ‘লোক সেবা পুরস্কার’ একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ, যা কর্মচারীদের মধ্যে কর্মস্পৃহা ও জনসেবার মান আরও বৃদ্ধি করবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী আয়ুক্ত আলমগীর লস্কর, খেরসা পুরসভার সহ-সভাপতি সুখেন্দু দাস, স্বাস্থ্য বিভাগের যুগ্ম সঞ্চালক ডা. মতীন্দ্র সূত্রধর, জেলা আয়ুক্ত কার্যালয়ের প্রশাসনিক আধিকারিক হিরন্ময় রায়, বিভিন্ন সরকারি বিভাগের আধিকারিক-কর্মচারী এবং জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক সংবাদমাধ্যমের প্রতিনিধিরা।

শেষে অতিরিক্ত জেলা আয়ুক্ত মারিয়া তানিম ধন্যবাদ জ্ঞাপন করেন। অনুষ্ঠানে গোপীনাথ বরদলৈয়ের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি জনসেবাকে আরও মানবিক, গতিশীল ও দায়িত্বশীল করে তোলার অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *