রুকনি নদীর সেতু আজও স্বপ্ন! ঝুঁকি নিয়ে সাঁকো দিয়ে প্রতিদিন পারাপার হাজারো মানুষের

Spread the news

বরাক তরঙ্গ, ৫ আগস্ট : শিলান্যাস হলেও বাস্তবায়ন হয়নি। কাছাড় জেলার জীবন গ্রাম পঞ্চায়েতের টিলানগর গ্রাম, জারইলতলা, খাসপুরের একাংশ এবং সংলগ্ন সপ্তগ্রাম গ্রাম পঞ্চায়েতের হাজারো মানুষের দীর্ঘদিনের দাবি আজও অপূর্ণ। রুকনি নদীর ওপর একটি স্থায়ী সেতু নির্মাণের প্রতিশ্রুতি বহুবার মিললেও বাস্তবে সেই কাজের কোনও অগ্রগতি না হওয়ায় চরম দুর্ভোগে দিন কাটাচ্ছেন এলাকাবাসী।

স্থানীয়দের অভিযোগ, বছরের পর বছর জনপ্রতিনিধিদের কাছ থেকে শুধু আশ্বাসই মিলেছে। কিন্তু আজও সেতু নির্মাণের কাজ শুরু না হওয়ায় প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়েই নদী পারাপার করতে হচ্ছে। বিশেষ করে তিনটি বিদ্যালয়ের শত শত ছাত্রছাত্রী, অসুস্থ রোগী, নারী-পুরুষ, কৃষক, ক্ষুদ্র ব্যবসায়ী এবং সাধারণ পথচারীদের ভোগান্তি সবচেয়ে বেশি।

বর্তমানে নদী পারাপারের একমাত্র ভরসা বাঁশের তৈরি একটি অস্থায়ী সাঁকো। তবে বর্ষা এলেই নদীর জল বেড়ে যাওয়ায় সেই সাঁকো ভেঙে পড়ে। তখন বাধ্য হয়ে নৌকায় পারাপার করতে হয়, যা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এলাকাবাসীর আশঙ্কা, যেকোনও সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।

গ্রামবাসী আব্দুল হাসিম মজুমদার, বসারাত আলি বড়ভূইয়া, মইফর উদ্দিন বড়ভূইয়াসহ অনেকেই জানান, বহু বছর আগে তৎকালীন জনপ্রতিনিধি পরিমল শুক্লবৈদ্য রুকনি নদীর ওপর সেতু নির্মাণের উদ্দেশ্যে শিলান্যাস করেছিলেন। কিন্তু এরপর আর কোনও দৃশ্যমান অগ্রগতি হয়নি। ফলে স্বাধীনতার এত বছর পরও একটি সেতুর অভাবে যোগাযোগ ব্যবস্থা, শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং ব্যবসা-বাণিজ্য মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

এলাকাবাসীর একটাই দাবি—আর প্রতিশ্রুতি নয়, অবিলম্বে রুকনি নদীর ওপর একটি স্থায়ী সেতু নির্মাণ করা হোক। এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নিতে তাঁরা সরকারের সংশ্লিষ্ট দপ্তর ও জেলা প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *