৫ আগস্ট : আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েই কোচিংয়ে আসতে চান বেন স্টোকস। ‘ফর দ্য লাভ অফ ক্রিকেট’ পডকাস্টে ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার স্টোকস জানিয়েছেন, তিনি কোচিংয়ের লেভেল থ্রি–র যোগ্যতাও অর্জন করতে চলেছেন। একই সঙ্গে ক্রিকেটে অ্যালকোহল নিয়েও মুখ খুলেছেন ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক।
তাঁর সাফ কথা, ‘শুধু ইংল্যান্ড টিম নিয়ে প্রশ্ন তুললে হবে না। মদ্যপান ক্রিকেট সংস্কৃতির অঙ্গ। এটাকে সহজে বদলানো যাবে না। আমরা এখন ২০২৬ সালে দাঁড়িয়ে। ক্রিকেটে অনেক কিছু বদলে গিয়েছে। শুধু একটা জিনিস রয়ে গিয়েছে। সেটা হলো ক্রিকেটের সঙ্গে মদ্যপান। ক্লাব ক্রিকেটেই হোক বা অন্য কোথাও। শুধু ইংল্যান্ড ক্রিকেটকে দায়ী করে লাভ নেই।’
কোচিং নিয়ে আগ্রহ দেখিয়েছেন স্টোকস। বলেছেন, ‘হয়তো আর কিছুদিন পরে একেবারেই খেলব না। তখন কোচিংয়ে চলে আসব। এবং সেটা খুব দ্রুত। আমি খেলতে–খেলতেই লেভেল থ্রি কোচিং কোর্স করে রাখছি।’ একই সঙ্গে স্টোকস বলেছেন, ‘আমি ইংল্যান্ডের কোচ হতেও আগ্রহী। এত বছর ধরে খেলে যে অভিজ্ঞতা অর্জন করেছি, নেতৃত্বের ব্যাপারটাও কাজে লাগাতে চাই।’ খুব বেশিদিন হয়তো আর স্টোকস খেলবেন না। সেটা তিনি বুঝিয়ে দিয়েছেন। বরং কোচিংয়ে আসতে তিনি মনোনিবেশ করছেন এখন থেকেই।
কিছুদিন আগে একটি পাবে মদ্যপান করে ঝামেলায় জড়িয়েছিলেন স্টোকস। যার জল অনেক দূর গড়িয়েছিল। সেই কারণেই পডকাস্টে বারেবারে উঠে এসেছে ক্রিকেটারদের মদ্যপানের প্রসঙ্গ। তবে স্টোকসও বুঝিয়ে দিয়েছেন, মদ্যপানের বিষয়টিকে খুব একটা পাত্তা তিনি দিচ্ছেন না। বরং এটাকে ক্রিকেটের অঙ্গ হিসেবেই দেখছেন।



