শ্রীকোণা ওভারব্রিজ সংলগ্ন দুর্ঘটনাপ্রবণ রাস্তা মেরামত শুরু, কিশোর নাথ সরেজমিনে পরিদর্শন

Spread the news

বরাক তরঙ্গ, ৪ আগস্ট : কয়েকদিন আগে শ্রীকোণা ওভারব্রিজ সংলগ্ন এলাকায় ঘটে যাওয়া মর্মান্তিক সড়ক দুর্ঘটনার পর অবশেষে দুর্ঘটনাপ্রবণ সড়কের সংস্কার কাজ শুরু করেছে সংশ্লিষ্ট বিভাগ। মঙ্গলবার বড়খলা বিধায়ক কিশোর নাথ ঘটনাস্থল পরিদর্শন করে চলমান মেরামত কাজের অগ্রগতি খতিয়ে দেখেন। এ সময় তিনি দুর্ঘটনায় নিহতদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে গভীর সমবেদনা জানান।

পরিদর্শন শেষে বিধায়ক কিশোর নাথ বলেন, দুর্ঘটনার সময় তিনি বিধানসভার অধিবেশনে ব্যস্ত থাকায় ঘটনাস্থলে তাৎক্ষণিকভাবে উপস্থিত হতে পারেননি। তবে ঘটনার পর থেকেই তিনি সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে দ্রুত সংস্কার কাজ শুরু করার উদ্যোগ নেন। তাঁর দাবি, রাস্তার বেহাল অবস্থাই দুর্ঘটনার অন্যতম প্রধান কারণ ছিল এবং মানুষের নিরাপদ যাতায়াত নিশ্চিত করাই তাঁর সর্বোচ্চ অগ্রাধিকার।
তিনি আরও বলেন, বড়খলা সমষ্টির সর্বত্র উন্নয়নমূলক কাজ অব্যাহত থাকবে এবং ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা রোধে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হবে।

এদিন সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তাদের উপস্থিতিতে বিধায়ক ক্ষতিগ্রস্ত সড়কের জরুরি ভিত্তিতে সংস্কার কাজ দ্রুত সম্পন্ন করার নির্দেশ দেন। বিভাগীয় কর্মকর্তারা জানান, দুর্ঘটনাপ্রবণ অংশে ইতোমধ্যেই মেরামত কাজ শুরু হয়েছে এবং নির্ধারিত সময়ের আগেই কাজ শেষ করার লক্ষ্যে জোরকদমে কাজ চলছে।

দীর্ঘদিনের দাবি পূরণে রাস্তা সংস্কারের কাজ শুরু হওয়ায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। তাঁদের আশা, দ্রুত কাজ সম্পন্ন হলে ওই এলাকায় সড়ক দুর্ঘটনার ঝুঁকি অনেকটাই কমবে এবং সাধারণ মানুষের যাতায়াত আরও নিরাপদ ও নির্বিঘ্ন হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *