অসুস্থ সিদ্দেক আহমদের খোঁজে বাড়িতে প্রাক্তন মন্ত্রী আব্দুল মুক্তাদির চৌধুরী

Spread the news

মোহাম্মদ জনি, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ৪ আগস্ট:
দক্ষিণ করিমগঞ্জের রাজনৈতিক অঙ্গনে মঙ্গলবার এক আবেগঘন ও ব্যতিক্রমী ঘটনার সাক্ষী থাকল সাধারণ মানুষ। দীর্ঘদিনের রাজনৈতিক দূরত্ব ও মতপার্থক্য ভুলে গুরুতর অসুস্থ প্রাক্তন মন্ত্রী ও বর্ষীয়ান নেতা সিদ্দেক আহমদের খোঁজ নিতে তাঁর বাড়িতে পৌঁছান প্রাক্তন মন্ত্রী ও প্রবীণ কংগ্রেস নেতা আব্দুল মুক্তাদির চৌধুরী।

জানা গেছে, বর্তমানে অসুস্থতার কারণে নিজ বাসভবনে চিকিৎসাধীন রয়েছেন সিদ্দেক আহমেদ। তাঁর শারীরিক অবস্থার খবর পেয়ে মঙ্গলবার নিজেই বাড়িতে গিয়ে সাক্ষাৎ করেন আব্দুল মুক্তাদির চৌধুরী। তিনি কিছু সময় সিদ্দেক আহমদের সঙ্গে কাটান, তাঁর শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে চিকিৎসার অগ্রগতি সম্পর্কে জানতে চান। পাশাপাশি তাঁর দ্রুত আরোগ্য কামনা করেন।

সময়ের সঙ্গে রাজনৈতিক বিভাজনের ঊর্ধ্বে উঠে মানবিক সম্পর্কেরই পরিচয় দিলেন প্রবীণ নেতা আব্দুল মুক্তাদির চৌধুরী। বয়সজনিত শারীরিক সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও অসুস্থ প্রাক্তন শিষ্যের খোঁজ নিতে তাঁর এই উদ্যোগ জেলাজুড়ে আলোচনার বিষয় হয়ে উঠেছে।

সাক্ষাতের সময় উপস্থিত ছিলেন আজমল ফাউন্ডেশনের ডিরেক্টর খসরুল ইসলাম, কিবরিয়া চৌধুরী, জেলা কংগ্রেসের সহ-সভাপতি মহিদুল ইসলামসহ আরও কয়েকজন বিশিষ্ট ব্যক্তি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *