কাটলিছড়া ও রাতাবাড়ির দুই ছাত্রী হত্যা-ধর্ষণকাণ্ডের প্রতিবাদে হাইলাকান্দিতে বিক্ষোভ

Spread the news

বরাক তরঙ্গ, ৪ আগস্ট : হাইলাকান্দি জেলার কাটলিছড়ার অলইছড়া এলাকার ১৫ বছর বয়সী এক স্কুলছাত্রী এবং শ্রীভূমি জেলার রাতাবাড়ির এক স্কুলছাত্রীর উপর পাশবিক ধর্ষণ ও নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র ক্ষোভ ও প্রতিবাদ জানিয়ে মঙ্গলবার হাইলাকান্দিতে বিক্ষোভ কর্মসূচি পালন করে এআইডিএসও এবং এআইএমএসএস-এর হাইলাকান্দি জেলা শাখা। এদিন সংগঠনের আহ্বানে ছাত্রছাত্রী ও মহিলারা হাইলাকান্দির মাটিজুরি পয়েন্টে সমবেত হয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। তাঁরা বিভিন্ন স্লোগানের মাধ্যমে দু’টি ঘটনার সঙ্গে জড়িত অপরাধীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

বিক্ষোভে বক্তব্য রাখতে গিয়ে এআইডিএসও হাইলাকান্দি জেলা ইনচার্জ সঞ্চিতা শুক্লা বলেন, উভয় ঘটনার সংবেদনশীলতা বিবেচনা করে বিচার প্রক্রিয়া ফাস্ট-ট্র্যাক আদালতে সম্পন্ন করতে হবে। পাশাপাশি ছাত্রী ও সমগ্র নারী সমাজের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনকে অবিলম্বে কঠোর ও স্থায়ী পদক্ষেপ গ্রহণের দাবি জানান তিনি। তিনি আরও বলেন, দুই ছাত্রীর পরিবার ন্যায়বিচার না পাওয়া পর্যন্ত এবং অপরাধীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে।

এআইএমএসএস হাইলাকান্দি জেলা ইনচার্জ শম্পা দে তাঁর বক্তব্যে বলেন, যুব সমাজকে অপরাধের হাত থেকে রক্ষা করতে মদ, মাদক এবং পর্নোগ্রাফির অবাধ বিস্তার কঠোরভাবে নিয়ন্ত্রণ করতে হবে। তিনি বলেন, এ ধরনের নৃশংস ঘটনা কোনো সভ্য সমাজ মেনে নিতে পারে না। কাটলিছড়ার অলইছড়ার ঘটনায় প্রমাণ হয়েছে, আজও বহু মেয়ে নিজের ঘরেও নিরাপদ নয়। তাই নারী নির্যাতন ও সহিংসতার বিরুদ্ধে সমাজের সব স্তরের মানুষের ঐক্যবদ্ধভাবে সোচ্চার হওয়া জরুরি। বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন সোমা পাল, চম্পা সরকার, অপর্ণা সরকার, সুহা মজুমদার, আলপনা সরকার, আরোহী মজুমদারসহ সংগঠনের অন্যান্য সদস্য ও সমর্থকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *