থানার মাত্র ৫০০ মিটার দূরে দিনদুপুরে দুঃসাহসিক চুরি! জনতার হাতে ধরা পড়ল চোর

Spread the news

মোহাম্মদ জনি, পাথারকান্দি।
বরাক তরঙ্গ, ৩ আগস্ট :
পাথারকান্দি থানার একেবারে নাকের ডগায়, মাত্র ৫০০ মিটার দূরে অবস্থিত রাজারগাঁও এলাকায় দিনদুপুরে সংঘটিত এক দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে গোটা এলাকায়। গৃহস্থের অনুপস্থিতির সুযোগ নিয়ে সংঘবদ্ধ চোরের দল বাড়িতে ঢুকে মূল্যবান সামগ্রী হাতিয়ে নেওয়ার চেষ্টা করে। তবে পালানোর সময় স্থানীয়দের তৎপরতায় এক অভিযুক্ত হাতেনাতে ধরা পড়ে। ধৃত ব্যক্তি প্রথমে নিজের পরিচয় গোপন করতে ভুয়া নাম বললেও পুলিশের জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসে তার প্রকৃত পরিচয়। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকার বাসিন্দাদের মধ্যে নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।জানা গেছে, ঘটনাটি ঘটেছে রাজারগাঁও এলাকার বাসিন্দা বিমল সিনহার বাড়িতে। পরিবারের সদস্যরা বাড়িতে না থাকার সুযোগে দিনের আলোতেই চোরের দল বাড়িতে প্রবেশ করে। এরপর ঘরের আলমারি, আসবাবপত্র ও অন্যান্য জিনিসপত্র তছনছ করে মূল্যবান সামগ্রী খুঁজতে থাকে। ঘরের বিভিন্ন কক্ষ ওলটপালট করে তারা নগদ অর্থ, গয়না এবং অন্যান্য মূল্যবান সামগ্রী নিয়ে পালানোর চেষ্টা করে।ঠিক সেই সময় স্থানীয় কয়েকজন বাসিন্দার সন্দেহ হওয়ায় তারা বাড়ির দিকে এগিয়ে যান। বিষয়টি বুঝতে পেরে চোরের দল পালানোর চেষ্টা করলে শুরু হয় ধাওয়া। এক পর্যায়ে স্থানীয়দের হাতে ধরা পড়ে যায় এক অভিযুক্ত। তবে তার সঙ্গে থাকা অন্য সহযোগীরা দ্রুত এলাকা ছেড়ে পালিয়ে যেতে সক্ষম হয়। ধৃত ব্যক্তির কাছ থেকে নগদ টাকা, হাতের একটি বালা, একটি মোটরসাইকেলের চাবিসহ একাধিক সামগ্রী উদ্ধার করা হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। আটক হওয়ার পর স্থানীয়দের জিজ্ঞাসাবাদে সে নিজের নাম ‘রাজু দাস’ বলে দাবি করে। পাশাপাশি রণজিৎ নামের এক ব্যক্তির সঙ্গে চুরি করতে এসেছিল বলেও জানায়। কিন্তু তার কথাবার্তায় অসঙ্গতি লক্ষ্য করে স্থানীয়রা সঙ্গে সঙ্গে পাথারকান্দি থানায় খবর দেন।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পাথারকান্দি থানার পুলিশ। অভিযুক্তকে থানায় নিয়ে গিয়ে কড়া জিজ্ঞাসাবাদ চালানো হলে একে একে বেরিয়ে আসে আসল তথ্য। পুলিশি জেরায় ধৃত ব্যক্তি স্বীকার করে যে তার প্রকৃত নাম আবুল হোসেন এবং তার বাড়ি পূর্বগুল এলাকায়। জনতার হাত থেকে বাঁচতে এবং নিজের পরিচয় গোপন করতেই সে প্রথমে ভুয়া নাম ব্যবহার করেছিল বলে পুলিশকে জানায়।পুলিশি তদন্তে আরও জানা যায়, চোরের দলটি AS 11X 4955 নম্বরের একটি TVS মোটরসাইকেলে করে এলাকায় আসে। পরে তল্লাশি চালিয়ে রাজারগাঁও এলাকার রাস্তা থেকে মোটরসাইকেলটি উদ্ধার করে পুলিশ। উদ্ধার হওয়া বাইকটিও তদন্তের আওতায় আনা হয়েছে এবং সেটির মালিকানা ও ব্যবহারের বিষয়ে খতিয়ে দেখা হচ্ছেএলাকার বাসিন্দাদের অভিযোগ, সাম্প্রতিক সময়ে পাথারকান্দি অঞ্চলে চুরির ঘটনা আশঙ্কাজনকভাবে বেড়ে গেছে। আগে রাতের অন্ধকারে চুরির ঘটনা ঘটলেও এখন দিনদুপুরেই সংঘবদ্ধ চোরের দল সক্রিয় হয়ে উঠেছে। এতে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। স্থানীয়দের দাবি, নিয়মিত পুলিশি টহল আরও জোরদার করা, সন্দেহভাজন অপরাধীদের ওপর নজরদারি বৃদ্ধি এবং এই ঘটনার সঙ্গে জড়িত পুরো চক্রটিকে দ্রুত গ্রেপ্তার করতে হবে।

পাথারকান্দি থানার পুলিশ জানিয়েছে, ধৃত অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করে পলাতক সহযোগীদের পরিচয় জানার চেষ্টা চলছে। একই সঙ্গে চুরি হওয়া অন্যান্য সামগ্রী উদ্ধারের লক্ষ্যে একাধিক স্থানে তল্লাশি অভিযান চালানো হচ্ছে। তদন্তের স্বার্থে বিভিন্ন দিক খতিয়ে দেখা হচ্ছে এবং খুব শিগগিরই ঘটনার সঙ্গে জড়িত অন্যদেরও আইনের আওতায় আনা হবে বলে পুলিশ আশাবাদী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *