বরাক তরঙ্গ, ৩ আগস্ট : হাইলাকান্দি জেলার কাটলিছড়ার ১৫ বছর বয়সী এক স্কুলছাত্রী এবং করিমগঞ্জ জেলার রাতাবাড়ির অপর এক স্কুলছাত্রীর ধর্ষণ ও নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে সোমবার এআইডিএসও-র কাছাড় জেলা কমিটির উদ্যোগে শিলচরের ক্ষুদিরাম বসুর মূর্তির পাদদেশে এক প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সভায় বক্তব্য রাখতে গিয়ে এআইডিএসও-র কাছাড় জেলা সভাপতি স্বাগতা ভট্টাচার্য বলেন, নারী ও শিশুদের উপর ক্রমবর্ধমান ধর্ষণ, নির্যাতন ও হত্যার ঘটনা সমগ্র সমাজের জন্য গভীর উদ্বেগের বিষয়। তিনি এই ধরনের নৃশংস অপরাধের দ্রুত বিচার, দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের কাছে অবিলম্বে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান।
তিনি আরও বলেন, শুধু অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করলেই হবে না, ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে, সেজন্য প্রশাসনকে আরও দায়িত্বশীল ও সক্রিয় ভূমিকা পালন করতে হবে। পাশাপাশি নারী ও শিশুদের নিরাপত্তা ও মর্যাদা রক্ষার লক্ষ্যে সমাজের সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ হয়ে সোচ্চার হওয়ার আহ্বান জানান তিনি।
প্রতিবাদ কর্মসূচিতে সংগঠনের সদস্যরা দোষীদের দ্রুত গ্রেপ্তার ও কঠোর শাস্তির দাবিতে স্লোগান দেন এবং নারী-শিশুর নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।



