চিপসের প্যাকেটেই লুকিয়ে ছিল মৃত্যু ফাঁদ, প্রাণ গেল খুদের

Spread the news

৩ আগস্ট: বাচ্চার পছন্দ চিপসের প্যাকেটেই লুকিয়ে ছিল মৃত্যু ফাঁদ। আর যার জেরে প্রাণ গেল পাঁচ বছরের এক খুদের। কর্ণাটকের মাইসুরু জেলার হুনসুর এলাকায় একটি চিপসের প্যাকেটের ভিতরে থাকা ছোট প্লাস্টিকের খেলনা বল গিলে পাঁচ বছরের এক শিশুর মৃত্যুর অভিযোগ উঠেছে। শনিবার ঘটে যাওয়া এই ঘটনায় এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, শিশুটি একটি চিপসের প্যাকেট খুলে খাওয়ার সময় তার ভিতরে থাকা ছোট প্লাস্টিকের একটি উপহারসামগ্রী বা খেলনা বল মুখে নিয়ে ফেলে। পরে সেটি গিলে ফেলায় বলটি তার গলায় আটকে যায়। এর ফলে শ্বাসরোধ হয়ে তার মৃত্যু হয়েছে । ঘটনার পর হুনসুর গ্রামীণ থানায় একটি মামলা দায়ের হয়েছে। পুলিশ পুরো ঘটনার তদন্ত শুরু করেছে এবং প্যাকেটের ভিতরে প্লাস্টিকের খেলনাটি কী না, তা-ও খতিয়ে দেখা হচ্ছে।

এর আগে চলতি বছরের মার্চ মাসেও মাইসুরুর হুনসুর তালুকের দোড্ডাহেজ্জুর গ্রামে শ্বাসরোধে ছয় মাসের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছিল। মৃত শিশুটির নাম ছিল চিন্ময় গৌড়া। পরিবার সূত্রে জানা যায়, বাড়িতে পুজোর জন্য রাখা শুকনো জবা ফুলের একটি অংশ খেলার সময় মুখে দেয় শিশুটি। পরে বড় ভাইবোন সেটি সরিয়ে নেওয়ার চেষ্টা করলে ফুলের টুকরোটি শিশুর গলায় আটকে যায়। শ্বাসকষ্ট শুরু হলে প্রথমে তাকে একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য মাইসুরুর একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হলেও চিকিৎসকদের সব প্রচেষ্টা ব্যর্থ হয় এবং শিশুটির মৃত্যু হয়। পরপর দুটি শ্বাসরোধজনিত মৃত্যুর ঘটনায় শিশুদের নাগালের মধ্যে ছোট বস্তু বা খেলনা না রাখার বিষয়ে নতুন করে সতর্কবার্তা দিয়েছেন চিকিৎসক ও শিশু নিরাপত্তা বিশেষজ্ঞরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *