বাসের সঙ্গে গাড়ির মুখোমুখি, প্রবীণ সাংবাদিক বিমান বিহারী ধর ও তাঁর নাতির মৃত্যু

Spread the news

বরাক তরঙ্গ, ২২ অক্টোবর : মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল ত্রিপুরার প্রবীণ সাংবাদিক ও লেখক বিমান বিহারী ধর এবং তাঁর নাতি রাহুল পালের। বৃহস্পতিবার গোমতী জেলার বাগমা এলাকায় একটি বাসের সঙ্গে তাঁদের গাড়ির মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে। একই পরিবারের দুই সদস্যের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে।
গোমতী জেলার পুলিশ সুপার অর্নিবাণ দাস জানান, ৮৪ বছর বয়সি বিমান বিহারী ধর তাঁর ২৭ বছর বয়সি নাতি রাহুল পালকে সঙ্গে নিয়ে গাড়িতে করে উদয়পুরের মাতাবাড়ির উদ্দেশে যাচ্ছিলেন। সেই সময় বাগমা এলাকায় আগরতলাগামী একটি বাসের সঙ্গে তাঁদের গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় ঘটনাস্থলেই মৃত্যু হয় বিমান বিহারী ধরের।

দুর্ঘটনায় গুরুতর আহত হন রাহুল পাল। স্থানীয়ভাবে উদ্ধার করে দু’জনকে গোমতী জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় রাহুলেরও।

পরিবার সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনে চাকরি পেয়েছিলেন রাহুল। সেই খুশিতেই দাদুকে সঙ্গে নিয়ে মাতাবাড়িতে পুজো দিতে যাচ্ছিলেন তিনি। কিন্তু পথেই ঘটে যায় মর্মান্তিক দুর্ঘটনা। আনন্দের মুহূর্ত মুহূর্তেই পরিণত হয় গভীর শোকে।প্রবীণ সাংবাদিক ও লেখক বিমান বিহারী ধর এবং তাঁর নাতির অকালপ্রয়াণে শোকস্তব্ধ তাঁদের পরিবার-পরিজন ও পরিচিত মহল। একই পরিবারের দুই সদস্যের মৃত্যুতে এলাকাজুড়ে নেমে এসেছে শোকের আবহ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *