বরাক তরঙ্গ, ২ আগস্ট : জাতীয় বন্ধুত্ব দিবস উপলক্ষে রবিবার শিলচর সদর থানায় এক আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করে লায়ন্স ক্লাব অব শিলচর ভ্যালি ভিউ। ক্লাবের সভাপতি সঞ্জীব রায়ের নেতৃত্বে একটি প্রতিনিধি দল থানায় উপস্থিত হয়ে পুলিশ আধিকারিক, পুলিশ কর্মী এবং দপ্তরের কর্মচারীদের হাতে বন্ধুত্বের প্রতীক হিসেবে ফ্রেন্ডশিপ ব্যান্ড পরিয়ে দিনটির তাৎপর্য উদযাপন করেন।
অনুষ্ঠানে পারস্পরিক সম্প্রীতি, সৌহার্দ্য ও সামাজিক বন্ধনকে আরও সুদৃঢ় করার বার্তা তুলে ধরা হয়। এ উপলক্ষে উপস্থিত সকলের মধ্যে মিষ্টি বিতরণ করা হয়। ক্লাবের পক্ষ থেকে জানানো হয়, পুলিশ ও সাধারণ মানুষের মধ্যে পারস্পরিক বিশ্বাস, সহযোগিতা এবং সুসম্পর্ক গড়ে তোলার লক্ষ্যেই দীর্ঘদিন ধরে বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি গ্রহণ করে আসছে সংগঠনটি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্লাবের প্রজেক্ট চেয়ারপার্সন বন্দিতা ত্রিবেদী রায়। তিনি জাতীয় বন্ধুত্ব দিবসের গুরুত্ব ও সামাজিক তাৎপর্য তুলে ধরেন। এছাড়াও উপস্থিত ছিলেন ক্লাবের সহ-সভাপতি অনুপ রায়, সুবীর দে-সহ অন্যান্য সদস্যরা।

ক্লাবের সার্ভিস চেয়ারপার্সন শিবুচন্দ্র দাস অনুষ্ঠান সফলভাবে আয়োজনের ক্ষেত্রে সহযোগিতার জন্য শিলচর সদর থানার ভারপ্রাপ্ত আধিকারিক (ওসি) উত্তম অধিকারী এবং থানার সকল পুলিশ কর্মকর্তা ও কর্মীদের আন্তরিক ধন্যবাদ জানান।
অন্যদিকে, সৌহার্দ্যের নিদর্শন হিসেবে শিলচর সদর থানার পুলিশ কর্মকর্তারাও লায়ন্স ক্লাবের সদস্যদের হাতে বন্ধুত্বের ব্যান্ড পরিয়ে এই ব্যতিক্রমী উদ্যোগে অংশগ্রহণ করেন। পুরো অনুষ্ঠানটি আন্তরিকতা ও পারস্পরিক সম্প্রীতির পরিবেশে সম্পন্ন হয়।



