নিপ্পু লস্কর, সোনাই।
বরাক তরঙ্গ, ২ আগস্ট : জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (ডিডিএমএ), কাছাড়ের উদ্যোগে এবং অসম রাজ্য দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সহযোগিতায় সোনাই শহরের সদ্ভাব মণ্ডপে আয়োজিত সাতদিনব্যাপী আবাসিক ‘যুবা আপদা মিত্র’ প্রশিক্ষণ কর্মসূচির সফল সমাপ্তি হয়েছে। জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (এনডিএমএ)-এর তত্ত্বাবধানে এবং ‘মাই ভারত’-এর সহযোগিতায় অনুষ্ঠিত এই প্রশিক্ষণ শিবিরে বরাক উপত্যকার কাছাড়, করিমগঞ্জ ও হাইলাকান্দি জেলার পাশাপাশি ডিমা হাসাও জেলার যুব-যুবকরাও অংশগ্রহণ করেন। সাতদিনব্যাপী এই আবাসিক প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের দুর্যোগ মোকাবিলা, উদ্ধারকাজ, প্রাথমিক চিকিৎসা, জরুরি পরিস্থিতিতে করণীয়, নিরাপত্তা ব্যবস্থাপনা এবং সংকটকালীন প্রস্তুতি সংক্রান্ত বিভিন্ন বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়। প্রশিক্ষণের মূল উদ্দেশ্য ছিল দুর্যোগের সময় দ্রুত ও দক্ষতার সঙ্গে কাজ করতে সক্ষম স্বেচ্ছাসেবক বাহিনী। রবিবার আয়োজিত সমাপ্ত অনুষ্ঠানে অর্ধশতাধিক প্রশিক্ষণার্থীর হাতে শংসাপত্র তুলে দেন ডিডিএমএ-র সোনাই সার্কলের ফিল্ড অফিসার বিপ্রজিৎ পাল চৌধুরী, কাটিগড়া সার্কেলের ফিল্ড অফিসার বিশাল চক্রবর্তী, উদারবন্দ সার্কেলের ফিল্ড অফিসার করমজিত ধর এবং শিলচর সার্কলের ফিল্ড অফিসার রণবিজয় দাস।
প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন জেলা দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আমিনুল হক লস্কর, পিন্টু শীল ও অজয় মাল্লাহ। এছাড়াও জাতীয় দুর্যোগ মোকাবিলা বাহিনী (এনডিআরএফ), রাজ্য দুর্যোগ মোকাবিলা বাহিনী (এসডিআরএফ) এবং স্বাস্থ্য বিভাগের বিশেষজ্ঞরা বিষয়ভিত্তিক প্রশিক্ষণ প্রদান করেন।
সমাপ্তি অনুষ্ঠানে বক্তারা দুর্যোগের সময় মানবসেবায় আত্মনিয়োগ, দ্রুত উদ্ধারকাজে অংশগ্রহণ এবং সমাজের পাশে থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের জন্য প্রশিক্ষণার্থীদের আহ্বান জানান। তাঁদের মতে, এ ধরনের প্রশিক্ষণ ভবিষ্যতে দুর্যোগ মোকাবিলায় দক্ষ স্বেচ্ছাসেবক তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।



