বরাক তরঙ্গ, ২ আগস্ট : এসইউসিআই (কমিউনিস্ট)-এর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক শিবদাস ঘোষের স্মরণ দিবস উপলক্ষে রবিবার শিলচর পেনশনার্স ভবনে এক স্মরণসভা অনুষ্ঠিত হয়। দলের কাছাড় জেলা কমিটির উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা কমিটির প্রবীণ সদস্য শ্যামদেও কুর্মী। সভার উদ্দেশ্য ব্যাখ্যা করেন জেলা কমিটির সদস্য সুব্রতচন্দ্র নাথ।
অনুষ্ঠানের প্রধান বক্তা ছিলেন দলের রাজ্য কমিটির সদস্য প্রজ্জোল দেব। তিনি শিবদাস ঘোষের জীবন, স্বাধীনতা আন্দোলনে তাঁর অংশগ্রহণ, কারাবাস এবং পরবর্তীকালে এসইউসিআই (কমিউনিস্ট) গঠনের প্রেক্ষাপট নিয়ে আলোচনা করেন। পাশাপাশি ভারতের রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি, মার্ক্সবাদ এবং সমাজতান্ত্রিক আন্দোলন সম্পর্কেও দলের অবস্থান তুলে ধরেন।
বক্তব্যে প্রজ্জোল দেব দাবি করেন, দেশের সম্পদ ক্রমশ পুঁজিপতিদের হাতে কেন্দ্রীভূত হচ্ছে এবং শিক্ষা, স্বাস্থ্য-সহ বিভিন্ন ক্ষেত্রে বেসরকারিকরণের ফলে সাধারণ মানুষের ওপর চাপ বাড়ছে। মূল্যবৃদ্ধি, বেকারত্ব ও সামাজিক বৈষম্যের প্রসঙ্গ উল্লেখ করে তিনি গণতান্ত্রিক গণআন্দোলন গড়ে তোলার আহ্বান জানান এবং সমাজতান্ত্রিক পরিবর্তনের পক্ষে দলের মতাদর্শ ব্যাখ্যা করেন।
তিনি আরও বলেন, শিবদাস ঘোষ দলের কর্মী-সমর্থকদের স্বাধীনতা সংগ্রামী ও দেশের মনীষীদের জীবন ও আদর্শ অধ্যয়নের ওপর গুরুত্ব দিয়েছিলেন। সেই আদর্শকে সামনে রেখেই দলের বিভিন্ন গণসংগঠন বিভিন্ন কর্মসূচি পরিচালনা করে বলে তিনি উল্লেখ করেন।
অনুষ্ঠানের শুরুতে শিবদাস ঘোষের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন শ্যামদেও কুর্মী, প্রজ্জোল দেব, জেলা সম্পাদক ভবতোষ চক্রবর্তী, জেলা কমিটির অন্যান্য সদস্য এবং বিভিন্ন গণসংগঠনের নেতৃবৃন্দ। পরে দলের শিল্পীরা শিবদাস ঘোষকে নিয়ে রচিত সংগীত পরিবেশন করেন। অনুষ্ঠানের সমাপ্তি হয় আন্তর্জাতিক সংগীত পরিবেশনের মাধ্যমে।



