অলইছড়া কিশোরী হত্যাকাণ্ডে অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে কাটলিছড়ায় এবিভিপির সড়ক অবরোধ

Spread the news

বরাক তরঙ্গ, ২ আগস্ট : মণিপুর মায়ানাগ মেমোরিয়াল আদর্শ বিদ্যাপীঠের দশম শ্রেণির ছাত্রী তথা অলইছড়া গ্রামের কিশোরী হত্যাকাণ্ডে জড়িত অভিযুক্তদের দ্রুত গ্রেফতারের দাবিতে রবিবার কাটলিছড়ায় সড়ক অবরোধ ও বিক্ষোভ কর্মসূচি পালন করল অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের হাইলাকান্দি ও কাটলিছড়া শাখা। রবিবার দুপুর আড়াইটা থেকে বিকেল ৫টা পর্যন্ত কাটলিছড়া বাসস্ট্যান্ডে নেতাজি মূর্তির সামনে এই অবরোধ কর্মসূচি চলে। বিক্ষোভকারীরা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। অবরোধ চলাকালীন কাটলিছড়ার সার্কল অফিসার গৌতম ভাস্কর ঘটনাস্থলে পৌঁছে আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেন। তিনি অবরোধ প্রত্যাহারের আবেদন জানিয়ে বলেন, কাটলিছড়া পুলিশ তদন্তে কোনও গাফিলতি করছে না। তদন্ত প্রক্রিয়া জোরকদমে চলছে এবং অভিযুক্তরা কোনওভাবেই রেহাই পাবে না। ঘটনাটির নিন্দা জানিয়ে তিনি গভীর দুঃখও প্রকাশ করেন।

তবে সার্কল অফিসারের আশ্বাসে অবরোধ প্রত্যাহারে রাজি হননি আন্দোলনকারীরা। পরে বিধায়ক মিলন দাস ঘটনাস্থলে পৌঁছে বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলেন। তিনি জানান, পুলিশ গুরুত্ব দিয়ে তদন্ত চালাচ্ছে। দীর্ঘক্ষণ সড়ক অবরোধ করে রাখলে তদন্তের কাজে ব্যাঘাত ঘটতে পারে বলেও তিনি উল্লেখ করেন। ছাত্র সংগঠনের দাবির প্রতি সমর্থন ও সহমর্মিতা জানিয়ে বিধায়ক অবরোধ প্রত্যাহারের আহ্বান জানান। বিধায়কের আশ্বাসে আন্দোলনকারীরা সন্তুষ্ট হলে শেষ পর্যন্ত অবরোধ প্রত্যাহার করে নেন।

এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য আহ্বায়ক তথা জেলা সংযোজক অরূপ দাস পুরকায়স্থ, কার্যবাহী সদস্য ও সহ-সংযোজক নারায়ণ পাল, রাজেশ সেন, হাইলাকান্দি শহর সম্পাদক শ্রাবণী দে, কাটলিছড়া শাখার যুগ্ম সম্পাদক পুনম দাস এবং খেল ভারত আহ্বায়ক শুভদীপ দেব। এবিভিপি নেতৃবৃন্দ অভিযোগ করেন, বিক্ষোভ চলাকালীন পুলিশের এক কর্মী সংগঠনের পতাকায় লাথি মেরেছেন। বিষয়টি প্রশাসনের কাছে জানানো হয়েছে বলেও তাঁরা জানান। এদিকে, মুখ্যমন্ত্রীও ঘটনাটি নিয়ে কঠোর নির্দেশ দিয়েছেন বলে সংগঠনের পক্ষ থেকে দাবি করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *