গোটা দেশ আছে, অথচ উত্তর পূর্ব ভারত বাদ! এ কেমন মানচিত্র? দেখেই ক্ষেপে লাল লাভলিনা

Spread the news

২ আগস্ট : চলতি কমনওয়েলথ গেমসে বক্সিংয়ে ভারতের ঐতিহাসিক সাফল্য উদযাপন করতে স্কটল্যান্ডের গ্লাসগোয় এক নৈশভোজের আয়োজন করা হয়েছিল।

তবে সেই অনুষ্ঠানেই তৈরি হল বিতর্ক। রেস্তোরাঁয় ব্যবহৃত ন্যাপকিন এবং প্রদর্শিত ভারতের মানচিত্রে উত্তর-পূর্ব ভারতের অংশ বাদ পড়েছে বলে অভিযোগ তুললেন অলিম্পিক পদকজয়ী ভারতীয় বক্সার লাভলিনা বরগোহাইন।

গ্লাসগোর জনপ্রিয় ভারতীয় রেস্তোরাঁ ‘Mister Singh’s India-The Home of Curry’-তে আয়োজিত অনুষ্ঠানের পর সংবাদ সংস্থা আইএএনএসকে লাভলিনা বলেন, মানচিত্রে উত্তর-পূর্ব ভারতের না থাকাটা তাঁকে ব্যক্তিগতভাবে আঘাত করেছে।

অসমের বাসিন্দা লাভলিনা বলেন, ‘আমার কথাটা ভুলভাবে নেবেন না। বিষয়টা আমাকে সত্যিই কষ্ট দিয়েছে। ভারতের মানচিত্রে আমাদের উত্তর-পূর্ব অংশটাই নেই। শুধু ন্যাপকিনে নয়, রেস্তোরাঁর বাইরেও যে মানচিত্র রয়েছে, সেখানেও উত্তর-পূর্ব অংশ বাদ দেওয়া হয়েছে। উত্তর-পূর্ব ভারতের মানুষ হিসেবে এটা আমাদের খুবই আঘাত করে। ভবিষ্যতে দয়া করে বিষয়টি মাথায় রাখবেন। ধন্যবাদ।’

লাভলিনার বক্তব্যকে সমর্থন করেন বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়ার সভাপতি অজয় সিং। তিনি জানান, ওই মানচিত্রে জম্মু ও কাশ্মীরের সম্পূর্ণ অংশও সঠিকভাবে দেখানো হয়নি।

তাঁর দাবি, রেস্তোরাঁ কর্তৃপক্ষের উচিত অবিলম্বে ভুল মানচিত্র সরিয়ে ভারতের সঠিক ভৌগোলিক সীমানা-সহ নতুন মানচিত্র ব্যবহার করা। যদিও এই প্রতিবেদন লেখা পর্যন্ত রেস্তোরাঁর পক্ষ থেকে এই বিষয়ে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দেওয়া হয়নি।

উল্লেখ্য, এই বিতর্কের কয়েক ঘণ্টা আগেই এবারের কমনওয়েলথ গেমসে ভারতের বক্সিং দল ইতিহাস গড়েছে। এবারই প্রথম ভারত রেকর্ড সাতটি সোনা জিতে বক্সিংয়ে সর্বকালের সেরা সাফল্য অর্জন করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *