নিপ্পু লস্কর, সোনাই।
বরাক তরঙ্গ, ১ আগস্ট : দীর্ঘ কর্মজীবনের পর জলসম্পদ বিভাগের সোনাই-ধলাই সাব-ডিভিশনের এসডিও বদরুল হক লস্করকে আন্তরিক বিদায়ী সংবর্ধনা জানানো হয়েছে। শনিবার সোনাই সাব-ডিভিশন কার্যালয়ে আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানে সহকর্মী, কর্মচারী এবং বিভাগের সঙ্গে যুক্ত বিভিন্ন স্তরের ব্যক্তিবর্গ তাঁকে মানপত্র ও স্মারক উপহার প্রদান করে সম্মানিত করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জলসম্পদ বিভাগের লক্ষীপুর-উধারবন্দ সাব-ডিভিশনের এসডিও সৌমেন হোম চৌধুরী। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে জলসম্পদ বিভাগের অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার দেবব্রত পাল এবং শিলচর-বড়খলা সাব-ডিভিশনের এসডিও দেবাশিস আচার্য বদরুল হক লস্করের দীর্ঘ কর্মজীবনের নিষ্ঠা, দক্ষতা ও বিভাগের প্রতি তাঁর গুরুত্বপূর্ণ অবদানের ভূয়সী প্রশংসা করেন। পাশাপাশি তাঁর সুস্বাস্থ্য, সুখী ও সফল অবসরজীবন কামনা করেন।
এছাড়াও জুনিয়র ইঞ্জিনিয়ার আবুল মান্নান লস্কর, আব্দুল্লাহ মাঝাড়ভূঁইয়া, আশরাফ হোসেন লস্করসহ অন্যান্য বক্তারা বদরুল হক লস্করের কর্মদক্ষতা, সততা এবং সহকর্মীদের প্রতি তাঁর আন্তরিক ও সহযোগিতাপূর্ণ মনোভাবের প্রশংসা করেন।
বিদায়ী বক্তব্যে বদরুল হক লস্কর দীর্ঘ কর্মজীবনে পাশে থাকা সহকর্মী, কর্মচারী এবং বিভাগের সঙ্গে যুক্ত সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। আবেগঘন পরিবেশে অনুষ্ঠিত এই সংবর্ধনা অনুষ্ঠানের মাধ্যমে তাঁর কর্মজীবনের সাফল্য ও অবদানের যথাযথ স্বীকৃতি জানানো হয়।



