বরাক তরঙ্গ, ১ আগস্ট : আজ, শনিবার গুয়াহাটিতে অনুষ্ঠিত হচ্ছে ঐতিহ্যবাহী ডুরান্ড কাপের গুয়াহাটি পর্বের উদ্বোধনী অনুষ্ঠান। বিকেল সাড়ে ৪টায় অর্জুন ভোগেশ্বর বরুয়া ক্রীড়া প্রকল্পে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে প্রতিযোগিতার আনুষ্ঠানিক সূচনা হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অসমের মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মা। এছাড়াও ক্রীড়া ও প্রশাসনের বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিত্বের উপস্থিত থাকার কথা রয়েছে।
প্রতিযোগিতার উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে ইন্ডিয়ান সুপার লিগের দল নর্থইস্ট ইউনাইটেড এফসি (NEUFC) এবং বড়োল্যান্ড এফসি। ম্যাচটি ঘিরে ফুটবলপ্রেমীদের মধ্যে ইতিমধ্যেই ব্যাপক উৎসাহ ও উন্মাদনা লক্ষ্য করা যাচ্ছে।

দেশের অন্যতম প্রাচীন ফুটবল প্রতিযোগিতা ডুরান্ড কাপের গুয়াহাটি পর্বকে ঘিরে আয়োজকদের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠান ও ম্যাচ নির্বিঘ্নে সম্পন্ন করতে নিরাপত্তাসহ প্রয়োজনীয় সব ব্যবস্থাও গ্রহণ করা হয়েছে।



