বরাক তরঙ্গ, ১ আগস্ট : হৃদয়বিদারক ঘটনা। গাড়িতেই মস্তিষ্ক রক্তকরণে প্রাণ হারিয়েছেন তরুণ শিক্ষক। সোনাবাড়িঘাট ময়ীনুল হক চৌধুরী হায়ার সেকেন্ডারি স্কুলের হিন্দি শিক্ষক সৌরভ কৈরির মস্তিষ্ক রক্তকরণ ঘটলে অকালেই পরপারে পাড়ি দেন। বয়স হয়েছিল মাত্র ৪১ বছর। শুক্রবার রাত দু’টা নাগাদ একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসারত অবস্থায় মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি। রেখে গেছেন স্ত্রী, দুই সন্তান, আত্মীয়স্বজন সহ অসংখ্য গুণমুগ্ধদের।
স্কুলের অধ্যক্ষ জানান, শুক্রবার সোনাইয়ে জনগণনার ট্রেনিং শেষ করে বাড়ি ফিরছিলেন। এর আগে স্কুলেও তিনি ঢুকে যান। সেখান থেকে শিলচর দাস কলোনিস্থ বাড়িতে ফেরার সময় ‘গ্রেসওয়েল’ বেসরকারি হাসপাতালের সামনে গাড়ির ভেতরে মস্তিষ্কে রক্তক্ষরণ ঘটে। চালকের আসনে তিনি ছিলেন। গাড়িটি সড়কের মাঝে বন্ধ হয়ে পড়ায় হাসপাতালের কয়েকজন কর্মী এগিয়ে গিয়ে দেখতে পান অজ্ঞান অবস্থায় পড়ে রয়েছেন তিনি। সঙ্গে সঙ্গে তাঁরা কৈরিকে হাসপাতালে নিয়ে যান। সেখানে কিছু চিকিৎসার পর স্থানীয় বেসরকারি হাসপাতাল জীবনজ্যোতিতে স্থানান্তর করা হয়। তবে শেষ রক্ষা হয়নি। রাত দু’টা নাগাদ চিকিৎসাচলাকালীন তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান বড়ভূইয়া জানান, যদিও কৈরি হিন্দি শিক্ষক হন কিন্তু স্কুলের অ্যাকাডেমিক থেকে শুরু করে সর্বক্ষেত্রে তাঁর ভূমিকা ছিল উল্লেখযোগ্য। তাঁর অকাল মৃত্যুতে স্কুলসহ সমাজের অপূরনীয় ক্ষতি হয়েছে বলে উল্লেখ করেন অধ্যক্ষ। কৈরিবাবু একজন সমাজদরদী ব্যক্তি ছিলেন। তিনি সমাজের স্বার্থে নানা কাজে জড়িত ছিলেন। কৈরির অকাল প্রয়াণে স্কুল কর্তৃপক্ষ সহ সোনাবাড়িঘাট এলাকা এবং তাঁর পরিচিত মহলে শোকের ছায়া নেমে আসে।
প্রয়াত কৈরির বাবা বিডিও সুভাষ কৈরি ও তাঁর বড় ভাই ২০১০ সালে শিলঙে এক সড়ক দুর্ঘটনায় মৃত্যু ঘটে এবং কয়েক বছর পর তাঁর মা-ও প্রয়াত হন।



