স্বাধীনতা দিবসকে ঘিরে পাথারকান্দিতে জোর প্রস্তুতি, প্রশাসনের বৈঠকে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত

Spread the news

মোহাম্মদ জনি, পাথারকান্দি।
বরাক তরঙ্গ, ৩১ জুলাই :
আসন্ন ৮০তম স্বাধীনতা দিবস যথাযোগ্য মর্যাদা, শৃঙ্খলা ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে ব্যাপক প্রস্তুতি শুরু করেছে পাথারকান্দি সমজেলা প্রশাসন। জাতীয় পতাকার মর্যাদা অক্ষুণ্ণ রেখে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার পাশাপাশি দেশপ্রেম, ঐক্য ও নাগরিক দায়বদ্ধতার বার্তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে শুক্রবার এক গুরুত্বপূর্ণ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় দিবসটির প্রতিটি কর্মসূচি সুষ্ঠুভাবে বাস্তবায়নের জন্য বিভিন্ন সরকারি বিভাগ, আইন-শৃঙ্খলা বাহিনী, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন এবং ব্যবসায়ী মহলের মধ্যে দায়িত্ব বণ্টনসহ একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।শুক্রবার দুপুর ১২টায় পাথারকান্দি সমজেলা আয়ুক্তের কার্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত এই প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন সমজেলা আয়ুক্ত সপ্ততি এন্দো। সভায় উপস্থিত বিভিন্ন সরকারি কর্মকর্তা, বিশিষ্ট নাগরিক, সামাজিক সংগঠনের প্রতিনিধি ও সংবাদমাধ্যমের সদস্যদের মতামতের ভিত্তিতে স্বাধীনতা দিবস উদযাপনের বিস্তারিত কর্মসূচি চূড়ান্ত করা হয়।

গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী, ১৫ আগস্ট ভোর ৫টা ৩০ মিনিটে প্রভাতফেরির মাধ্যমে দিনের কর্মসূচির সূচনা হবে। সকাল ৭টায় বিভিন্ন বেসরকারি ভবন, ব্যবসায়িক প্রতিষ্ঠান ও বাণিজ্যিক সংস্থায় জাতীয় পতাকা উত্তোলন করা হবে। এরপর সকাল ৮টায় সমস্ত সরকারি ও বেসরকারি কার্যালয়, শিক্ষা প্রতিষ্ঠান এবং অন্যান্য প্রতিষ্ঠানে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলনের পাশাপাশি দেশের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে মাল্যদান করা হবে।দিনের মূল অনুষ্ঠান অনুষ্ঠিত হবে সকাল ৯টায় পাথারকান্দির মুণ্ডমালা খেলার মাঠে। সেখানে সমজেলা আয়ুক্ত সপ্ততি এন্দোর হাত দিয়ে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হবে এবং সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশন করা হবে।

অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের এনসিসি ক্যাডেটদের বর্ণাঢ্য প্যারেড, সালামি প্রদান এবং কুচকাওয়াজ বিশেষ আকর্ষণ হিসেবে থাকবে। পাশাপাশি চতুরঙ্গ-এর শিল্পীদের পরিবেশনায় একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানও আয়োজন করা হবে। সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে স্বাধীনতা দিবস উপলক্ষে পাথারকান্দি মার্চেন্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে পাথারকান্দি হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে ফলমূল বিতরণের কর্মসূচিও গ্রহণ করা হয়েছে।

এছাড়া বিকেল ২টায় মুণ্ডমালা খেলার মাঠে সমজেলা প্রশাসন বনাম পাথারকান্দি মার্চেন্ট অ্যাসোসিয়েশনের মধ্যে একটি প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হবে। সন্ধ্যায় সমজেলার অধীনস্থ প্রতিটি সরকারি ও বেসরকারি ভবনে দৃষ্টিনন্দন আলোকসজ্জার ব্যবস্থা করার ওপরও সভায় বিশেষ গুরুত্ব আরোপ করা হয়। একই সঙ্গে অনুষ্ঠানস্থলে পরিচ্ছন্নতা, নিরাপত্তা, স্বাস্থ্য পরিষেবা, পানীয় জল, বিদ্যুৎ, যানবাহন চলাচল নিয়ন্ত্রণ এবং জরুরি পরিষেবাসহ প্রতিটি বিষয়ে সংশ্লিষ্ট বিভাগকে নির্ধারিত দায়িত্ব যথাযথভাবে পালনের নির্দেশ দেওয়া হয়।

এদিনের সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সার্কল অফিসার অদিতি নুনিসা, সমজেলা পুলিশ অধীক্ষক অর্নিবান শর্মা, পাথারকান্দি থানার ইন্সপেক্টর-ইন-চার্জ, পাথারকান্দি উন্নয়ন খণ্ডের বিডিও অজয় কার্কী ছেত্রী, লোয়ারপোয়া উন্নয়ন খণ্ডের বিডিও যুগান্তর কনোয়ার, দোহালিয়া বিএসএফ ও এরালিগুল ব্যাটালিয়নের শীর্ষ আধিকারিকগণ, বিভিন্ন সরকারি বিভাগের কর্মকর্তা-কর্মচারী, সামাজিক সংগঠনের প্রতিনিধিবৃন্দ, বিশিষ্ট নাগরিক এবং সংবাদমাধ্যমের প্রতিনিধিরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *