সপ্তশিখা ক্লাবের ৩৭তম দুর্গোৎসবের প্রস্তুতি শুরু, ১৫ আগস্ট কাঠামো পূজার মাধ্যমে সূচনা

Spread the news

মোহাম্মদ জনি, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ৩১ জুলাই :
শ্রীভূমির সরিষা এলাকার ঐতিহ্যবাহী সপ্তশিখা ক্লাব এবার ৩৭তম বর্ষে পদার্পণ করতে চলেছে তাদের বার্ষিক দুর্গোৎসবের আয়োজনে। প্রতিবছরের মতো এবারও নতুন ভাবনা, শিল্পসৌন্দর্য এবং ঐতিহ্যের সমন্বয়ে এক ব্যতিক্রমী দুর্গাপূজা উপহার দেওয়ার লক্ষ্য নিয়েছে ক্লাব কর্তৃপক্ষ।

ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে, সীমিত বাজেট সত্ত্বেও ঐক্যবদ্ধ প্রচেষ্টা ও নিষ্ঠার মাধ্যমে এমন একটি পূজার আয়োজন করা হবে, যা শুধু শ্রীভূমির নয়, সমগ্র বরাক উপত্যকার মানুষের কাছে আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠবে। প্রতিবছরের মতো এবারও মণ্ডপ প্রাঙ্গণে দর্শনার্থীদের ব্যাপক সমাগমের আশা করছেন উদ্যোক্তারা।

এবারের দুর্গা প্রতিমায় থাকবে সম্পূর্ণ নতুনত্বের ছোঁয়া। প্রতিমার ভাবনা, নকশা ও শিল্পরূপে থাকবে গভীর চিন্তাধারা এবং নান্দনিকতার বিশেষ প্রকাশ। ক্লাবের সম্পাদক ও খ্যাতনামা প্রতিমাশিল্পীদের যৌথ পরিকল্পনায় প্রতিমাটি নির্মিত হচ্ছে বলে জানানো হয়েছে। উদ্যোক্তাদের দাবি, এ ধরনের প্রতিমা এই অঞ্চলে আগে কখনও দেখা যায়নি।

ক্লাব কর্তৃপক্ষ আরও জানিয়েছে, প্রতিবছরের মতো এবারও সনাতনী রীতি, সাত্ত্বিকতা ও নিয়ম-নিষ্ঠা মেনেই দুর্গাপূজা সম্পন্ন হবে। একই সঙ্গে নতুন প্রজন্মকে ক্লাবের সাংস্কৃতিক ও সামাজিক কর্মকাণ্ডে যুক্ত হওয়ার আহ্বান জানিয়েছেন ক্লাবের সভাপতি ও সম্পাদক।

বর্তমান অর্থনৈতিক চ্যালেঞ্জের মধ্যেও সকলের সহযোগিতায় সফলভাবে দুর্গোৎসব আয়োজনের আশাবাদ ব্যক্ত করে সম্পাদক জানান, আগামী ১৫ আগস্ট কাঠামো পূজার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে শুরু হবে এবারের দুর্গোৎসবের প্রস্তুতি। মফস্বলের বারোয়ারি পূজার ঐতিহ্য ও আবেগকে অটুট রেখেই এবারের আয়োজনকে স্মরণীয় করে তুলতে বদ্ধপরিকর সপ্তশিখা ক্লাব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *