রূপক চক্রবর্তী, শিলচর।
বরাক তরঙ্গ, ৩১ জুলাই : শিলচর শহরতলির অরুণাচল কুমারপাড়া এলাকায় এক মর্মান্তিক দুর্ঘটনা ঘটল। নবনির্মিত একটি বাড়ির জলের ট্যাঙ্কি পরিষ্কার করতে গিয়ে পরপর চারজনের মৃত্যু হয়েছে। ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
প্রাথমিকভাবে জানা গেছে, শুক্রবার ট্যাঙ্কি পরিষ্কার করতে প্রথমে একজন ভেতরে নামার পর তিনি আর বাইরে বেরিয়ে আসতে পারেননি। তাঁকে উদ্ধার করতে একে একে আরও তিনজন ট্যাঙ্কিতে নামেন। কিন্তু বিষাক্ত গ্যাস বা অক্সিজেনের ঘাটতির কারণে তাঁরাও অচেতন হয়ে পড়েন এবং ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয় বলে আশঙ্কা করা হচ্ছে।
পরে আরএসএসের এক স্বেচ্ছাসেবক নিজের জীবনের ঝুঁকি নিয়ে ট্যাঙ্কির ভেতরে প্রবেশ করে চারজনের মরদেহ উদ্ধার করেন। খবর পেয়ে এসডিআরএফ ও পুলিশ প্রশাসনের দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ এবং তদন্ত শুরু করে।
পুলিশ মৃতদেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শিলচর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠিয়েছে। মৃতদের পরিচয় নিলয়, চম্পু পাল, দেবাশিস এবং নন্দন বলে জানা গেছে।
ঘটনার বিষয়ে কাছাড় জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) রজত কুমার পাল জানান, মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরই ঘটনার সঠিক কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।



