মোহাম্মদ জনি, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ৩১ জুলাই : ধানক্ষেত থেকে বাড়ি ফেরার পথে রাস্তার ওপর ছিঁড়ে পড়ে থাকা ১১ কেভি বিদ্যুৎ লাইনের সংস্পর্শে এসে মর্মান্তিক মৃত্যু হল এক কৃষকের। বৃহস্পতিবার সন্ধ্যায় রামকৃষ্ণনগর সমজেলার লালছড়া চা-বাগান এলাকায় এই দুর্ঘটনা ঘটে। ঘটনাকে কেন্দ্র করে বিদ্যুৎ বিভাগের চরম গাফিলতির অভিযোগ তুলেছেন ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা। মৃত কৃষকের নাম শিউশংকর অহির (৫২)।
স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যার দিকে ঝিরিঝিরি বৃষ্টি ও দমকা হাওয়ার কারণে এলাকার একটি ১১ কেভি উচ্চক্ষমতাসম্পন্ন বিদ্যুৎ লাইন ছিঁড়ে রাস্তার ধারে থাকা একটি বাঁশের ওপর পড়ে যায়। ফলে বাঁশটি বিদ্যুতায়িত হয়ে পড়ে।
এদিকে, ধানক্ষেত থেকে বাড়ি ফেরার সময় রাস্তার ওপর পড়ে থাকা বাঁশটি দেখে সেটি সরানোর চেষ্টা করেন শিউশংকর অহির। তবে বাঁশটিতে বিদ্যুৎ প্রবাহিত হচ্ছিল, সে বিষয়ে তিনি সম্পূর্ণ অজ্ঞ ছিলেন। বাঁশটি স্পর্শ করতেই তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন এবং ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে আসে। স্থানীয়দের অভিযোগ, বিদ্যুৎ লাইন ছিঁড়ে পড়ার পরও তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা বা সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়নি। এই অবহেলার জেরেই এক নিরীহ কৃষকের প্রাণ গেল বলে দাবি তাদের। ঘটনার তদন্তের পাশাপাশি দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী।



