বরাক তরঙ্গ, ৩০ জুলাই : শিলচরের পুরাতন লক্ষীপুর রোডে নতুন সড়কের পাশে বৃহস্পতিবার এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন একটি মোটরসাইকেল ও একটি স্কুটির দুই চালক। মুখোমুখি সংঘর্ষের জেরে দুর্ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীদের মতে, সংঘর্ষের তীব্রতা এতটাই ছিল যে মোটরসাইকেল ও স্কুটিটি সম্পূর্ণ দুমড়ে-মুচড়ে যায়। দুর্ঘটনার পর রাস্তাজুড়ে রক্ত ছড়িয়ে পড়ে এবং ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত দুই চালককে উদ্ধার করেন। পরে তাঁদের শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়। একই সঙ্গে ট্রাফিক বিভাগকে ঘটনাটি জানানো হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহত দুই চালকের পরিচয় জানা যায়নি। হাসপাতাল সূত্রে জানা গেছে, তাঁদের শারীরিক অবস্থা আশঙ্কাজনক।



