বরাক তরঙ্গ, ১৭ জুলাই : উত্তর ত্রিপুরার ধর্মনগর থানার আবাসিক কোয়ার্টারে বৃহস্পতিবার রাত আনুমানিক সাড়ে ৮টা নাগাদ ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। হঠাৎ করেই কোয়ার্টারের দু’টি কক্ষে আগুন ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও আতঙ্কের সৃষ্টি হয়। খবর পেয়ে ধর্মনগর ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। দমকল কর্মীদের তৎপরতায় অল্প সময়ের মধ্যেই আগুন সম্পূর্ণ নেভানো সম্ভব হয়। ফলে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো যায়।
প্রাথমিক তদন্তে ফায়ার সার্ভিসের অনুমান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। তবে ঘটনার সময় কক্ষে কেউ উপস্থিত না থাকায় কোনও হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, অগ্নিকাণ্ডে ঘরের আসবাবপত্র, গুরুত্বপূর্ণ নথিপত্রসহ বেশ কয়েকটি মূল্যবান সামগ্রী সম্পূর্ণ পুড়ে গেছে। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ ১৫ থেকে ২০ লক্ষ টাকা বলে অনুমান করা হলেও তদন্ত শেষ হওয়ার পরই প্রকৃত ক্ষয়ক্ষতির হিসাব জানা যাবে।
ঘটনার প্রকৃত কারণ নির্ণয় এবং ক্ষয়ক্ষতির বিস্তারিত মূল্যায়নে ফায়ার সার্ভিস ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে।



