নদীভাঙন প্রতিরোধের কাজ থমকে, চরম ভোগান্তিতে তারাপুর শিববাড়ি এলাকার বাসিন্দারা

Spread the news

বরাক তরঙ্গ, ৩০ জুলাই : তারাপুর শিববাড়ি এলাকায় নদীভাঙন প্রতিরোধের কাজ দীর্ঘদিন ধরে বন্ধ থাকায় চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। এলাকাবাসীর অভিযোগ, কাজ বন্ধ হয়ে যাওয়ায় প্রায় সবকটি গলির মুখ কার্যত অবরুদ্ধ হয়ে পড়েছে। ফলে জরুরি পরিস্থিতিতেও অ্যাম্বুলেন্স এলাকায় প্রবেশ করতে পারছে না। পাশাপাশি তিন চাকার যানবাহনসহ সাধারণ যান চলাচলও মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে এলাকার বিভিন্ন রাস্তার অংশ অবৈধভাবে দখল করা হয়েছে। ব্যক্তিগত স্বার্থে অনেকেই রাস্তার জায়গা দখল করে রেখেছেন। এছাড়া কয়েকটি বাড়ির সিঁড়ি রাস্তার উপর নির্মাণ করায় চলাচলের পথ আরও সংকীর্ণ হয়ে পড়েছে। এর ফলে সাধারণ মানুষ, রোগী, প্রবীণ নাগরিক এবং পড়ুয়াদের প্রতিদিন নানা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। এই পরিস্থিতিতে রাজ্য সরকার, পূর্ত বিভাগ এবং জেলা প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি করেছেন এলাকাবাসী। তাঁদের আবেদন, শিববাড়ি এলাকা থেকে শ্রী দুর্গাচরণী পর্যন্ত অন্তত সাত মিটার প্রশস্ত একটি রাস্তা নির্মাণ অথবা উন্মুক্ত করা হোক। তাঁদের মতে, এই উদ্যোগ বাস্তবায়িত হলে দীর্ঘদিনের যান চলাচল সমস্যা দূর হবে এবং জরুরি পরিষেবা সহজে পৌঁছাতে পারবে।

এদিকে, প্রশাসনের উদ্দেশে এলাকাবাসী স্পষ্ট বার্তা দিয়েছেন যে আগামী ১৫ দিনের মধ্যে সমস্যার সমাধানে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা না হলে তাঁরা গণতান্ত্রিক পন্থায় আন্দোলন ও ধরনা কর্মসূচি শুরু করতে বাধ্য হবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *