২৯ জুলাই : হিমাচল প্রদেশের চাম্বা জেলায় এক হৃদয়বিদারক সড়ক দুর্ঘটনায় একই পরিবারের পাঁচ সদস্যের মৃত্যু হয়েছে। তিন মাসের অসুস্থ শিশুর চিকিৎসা করিয়ে বাড়ি ফেরার পথেই এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর মৃত মায়ের বুকে জড়িয়ে থাকা রক্তাক্ত শিশুর নিথর দেহ উদ্ধার হওয়ার দৃশ্য উপস্থিত সকলকে স্তব্ধ করে দেয়।
পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার গভীর রাতে ডালহৌজির বানিখেত এলাকায় পাঠানকোট-চাম্বা জাতীয় সড়কে দুর্ঘটনাটি ঘটে। পরিবারটি পিজিআই চণ্ডীগড়ে তিন মাসের শিশুর চিকিৎসা করিয়ে বাড়ি ফিরছিল। প্রবল বৃষ্টি ও ঘন কুয়াশার মধ্যে তাদের অল্টো গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় ১০০ মিটার নিচে গড়িয়ে একটি লিংক রোডে আটকে যায়। দুর্ঘটনায় প্রাণ হারান হিমাচল পুলিশের কর্মী রিপুন সিংহ (৩০), তাঁর স্ত্রী রিম্পি দেবী, তিন মাসের সন্তান, বাবা বচন সিংহ (৬০) এবং পরিবারের সদস্য ২৩ বছর বয়সি কীর্তি। সকলেই চাম্বার গেহরা গ্রামের বাসিন্দা।
দুর্ঘটনার পর উদ্ধারকারীরা গাড়ির ভেতর থেকে এক হৃদয়বিদারক দৃশ্যের সাক্ষী হন। প্রবল আঘাতেও মা রিম্পি দেবী শেষ মুহূর্ত পর্যন্ত নিজের শিশুকে বুকের সঙ্গে শক্ত করে আগলে রেখেছিলেন।
মঙ্গলবার পাঁচজনের মরদেহ গ্রামে পৌঁছাতেই শোকের ছায়া নেমে আসে গোটা এলাকায়। চিকিৎসা শেষে সুস্থ সন্তানকে নিয়ে নতুন আশায় বাড়ি ফিরছিল পরিবারটি। কিন্তু মাঝপথেই সেই যাত্রা পরিণত হয় এক মর্মান্তিক ট্র্যাজেডিতে। গ্রামের সর্বত্র শোকের মাতম ছড়িয়ে পড়েছে।



