বরাক তরঙ্গ, ২৮ জুলাই : শিলচর মেডিক্যাল রোডের বেহাল দশা, তীব্র যানজট এবং অবৈধ পার্কিংয়ের সমস্যা নিয়ে ক্ষোভে ফুঁসছে মেহেরপুরবাসী। দীর্ঘদিনের জনদুর্ভোগের অবসান ঘটাতে মঙ্গলবার সন্ধ্যায় স্থানীয় বাসিন্দাদের উদ্যোগে আয়োজিত হয় এক শান্তিপূর্ণ মানবশৃঙ্খল কর্মসূচি। এতে ব্যবসায়ী, যুবক-যুবতী, প্রবীণ নাগরিকসহ সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার বিপুল সংখ্যক নারী-পুরুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
কর্মসূচিতে অংশগ্রহণকারীরা জানান, মেহেরপুর এলাকার বিভিন্ন সমস্যা সমাধানের দাবিতে গত দেড় বছরে পাঁচবার জেলা প্রশাসনের কাছে স্মারকলিপি দেওয়া হয়েছে। সর্বশেষ গত ২৭ জুলাই জেলা কমিশনারের নিকট পঞ্চম স্মারকলিপি জমা দেওয়া হয়। সেখানে পাঁচ দফা দাবি উত্থাপন করা হলেও প্রথম তিনটি দাবি চলতি সপ্তাহের মধ্যে বাস্তবায়ন না হলে বৃহত্তর গণআন্দোলনে নামার হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা।
তাদের প্রধান দাবিগুলির মধ্যে রয়েছে— মেহেরপুরের ভাঙাচোরা মেডিক্যাল রোডের অবিলম্বে সংস্কার, যানজট নিয়ন্ত্রণ ও পথচারীদের নিরাপত্তা নিশ্চিত করতে স্থায়ী ট্রাফিক পুলিশ মোতায়েন এবং নো-পার্কিং জোন কঠোরভাবে কার্যকর করে অবৈধ পার্কিং সম্পূর্ণ বন্ধ করা।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে রাস্তার বেহাল অবস্থার কারণে প্রতিনিয়ত দুর্ঘটনার আশঙ্কা তৈরি হচ্ছে। অপরদিকে পর্যাপ্ত ট্রাফিক ব্যবস্থাপনার অভাব এবং অনিয়ন্ত্রিত পার্কিংয়ের ফলে সাধারণ মানুষকে নিত্যদিন চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
সমাবেশে বক্তারা স্পষ্ট করে বলেন, এটি কোনও রাজনৈতিক কর্মসূচি নয়; সম্পূর্ণ জনস্বার্থে আয়োজিত একটি গণআন্দোলন। আগামী দিনে আরও বিভিন্ন গণমুখী কর্মসূচির মাধ্যমে জনসংযোগ বৃদ্ধি এবং দাবিগুলির পক্ষে জনমত গড়ে তোলার উদ্যোগ অব্যাহত থাকবে বলেও তারা জানান।
মানবশৃঙ্খল শেষে আন্দোলনকারীরা প্রশাসনের কাছে দ্রুত ও দৃশ্যমান পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়ে বলেন, মেহেরপুরবাসীর নিরাপত্তা ও নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে আর বিলম্বের সুযোগ নেই। দাবি পূরণ না হলে বৃহত্তর গণআন্দোলনের পথেই এগোবেন বলে তারা পুনরায় সতর্কবার্তা দেন।



