নিউ হারেঙ্গাজাওয়ে রেল বিপর্যয়ে ক্ষোভ, চন্দ্রনাথপুর-লঙ্কা দ্বিতীয় রেলপথ নির্মাণের দাবি পুনর্ব্যক্ত

Spread the news

বরাক তরঙ্গ, ২৮ জুলাই : বদরপুর-লামডিং রেলপথের নিউ হারেঙ্গাজাও এলাকায় রেললাইনের নিচের মাটি সরে যাওয়ার ঘটনায় গত কয়েকদিন ধরে রেল চলাচল মারাত্মকভাবে ব্যাহত হওয়ায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছে শিলচর-লামডিং ব্রডগেজ রূপায়ণ সংগ্রাম কমিটি। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রতি বর্ষাতেই এই রেলপথের বিভিন্ন স্থানে ভূমিধস ও মাটি সরে যাওয়ার মতো সমস্যার কারণে রেল যোগাযোগ ব্যাহত হয়, অথচ এর স্থায়ী সমাধানে এখনও কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি।

কমিটির আহ্বায়ক অরুণাংশু ভট্টাচার্য, অধ্যাপক ড. অজয় রায় এবং সুশীল পাল এক যৌথ প্রেস বিবৃতিতে জানান, ২০১৫ সালে হাইলাকান্দিতে কমিটির উদ্যোগে অনুষ্ঠিত এক গণসমাবেশে চন্দ্রনাথপুর-লঙ্কা দ্বিতীয় রেলপথ নির্মাণের দাবি সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। পরে এই দাবিসংবলিত একটি স্মারকলিপি রেলমন্ত্রীর কাছে পাঠিয়ে দ্রুত জরিপ সম্পন্ন ও প্রকল্প বাস্তবায়নের আবেদন জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, ২০২৪ সালে দ্বিতীয় রেলপথ নির্মাণের লক্ষ্যে নতুন করে জরিপের কাজ শুরু হলেও তার ফলাফল এখনও প্রকাশ করা হয়নি। চলতি বছরের ফেব্রুয়ারিতে শিলচরে মণিপুর ও ত্রিপুরার প্রতিনিধিদের উপস্থিতিতে অনুষ্ঠিত গণসমাবেশেও একই দাবি পুনরায় উত্থাপন করা হয়। কিন্তু কেন্দ্রীয় সরকারের এবারের বাজেটে প্রকল্পটির কোনো উল্লেখ না থাকায় সংগঠন হতাশা প্রকাশ করেছে। সংগ্রাম কমিটির পক্ষ থেকে আরও জানানো হয়, বরাক উপত্যকার সাংসদদের কাছেও স্মারকলিপি প্রদান করে বিষয়টি সংসদ ও সরকারের কাছে জোরালোভাবে উত্থাপনের অনুরোধ জানানো হলেও এ পর্যন্ত উল্লেখযোগ্য কোনো পদক্ষেপ দেখা যায়নি। তাই জনপ্রতিনিধিদের এই গুরুত্বপূর্ণ ইস্যুতে আরও সক্রিয় ও সোচ্চার হওয়ার আহ্বান জানানো হয়েছে।

একই সঙ্গে নিউ হারেঙ্গাজাও এলাকায় ক্ষতিগ্রস্ত রেলপথ দ্রুত ও স্থায়ীভাবে পুনর্নির্মাণ করে রেল চলাচল স্বাভাবিক করা এবং চন্দ্রনাথপুর-লংকা দ্বিতীয় রেলপথের ডিপিআর (বিস্তারিত প্রকল্প প্রতিবেদন) দ্রুত প্রস্তুত করে নির্মাণকাজ শুরু করার জন্য কেন্দ্রীয় সরকারের প্রতি জোরালো দাবি জানিয়েছে শিলচর-লামডিং ব্রডগেজ রূপায়ণ সংগ্রাম কমিটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *