গুয়াহাটিগামী ইন্ডিগো বিমান হঠাৎ বাতিল! শিলচর কুম্ভীগ্রাম বিমানবন্দরে যাত্রীদের তীব্র ক্ষোভ ও দুর্ভোগ

Spread the news

রূপক চক্রবর্তী, শিলচর।
বরাক তরঙ্গ, ২৮ জুলাই :
শিলচর কুম্ভীগ্রাম বিমানবন্দর থেকে গুয়াহাটিগামী ইন্ডিগোর একটি বিমান হঠাৎ বাতিল হওয়াকে কেন্দ্র করে যাত্রীদের মধ্যে তীব্র ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। দীর্ঘ সময় ধরে যাত্রীদের বিমানটির ভিতরে বসিয়ে রাখা হলেও শেষ মুহূর্ত পর্যন্ত বিমান বাতিলের বিষয়ে কোনও স্পষ্ট ঘোষণা করা হয়নি বলে অভিযোগ।

যাত্রীদের দাবি, বিমানটি বাতিল না হওয়া সত্ত্বেও দীর্ঘক্ষণ ধরে তাঁদের এয়ারবাসের ভিতরে অপেক্ষা করতে বাধ্য করা হয়। ফলে শিশু, বয়স্ক ও অসুস্থ যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হয়। দীর্ঘ প্রতীক্ষার কারণে যাত্রীদের মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠা বাড়তে থাকে।

পরবর্তীতে হঠাৎ বিমান বাতিলের খবর জানানো হলে যাত্রীদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। অনেক যাত্রীই অভিযোগ করেন, বিমান কর্তৃপক্ষের তরফে সময়মতো সঠিক তথ্য না দেওয়ায় তাঁরা চরম অনিশ্চয়তার মধ্যে পড়েন।

ঘটনাকে কেন্দ্র করে শিলচর কুম্ভীগ্রাম বিমানবন্দরে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়। যাত্রীরা বিমান বাতিলের কারণ, বিকল্প যাত্রার ব্যবস্থা এবং টিকিটের অর্থ ফেরত বা পুনর্বুকিং সংক্রান্ত স্পষ্ট তথ্য দেওয়ার দাবি জানান।

তবে এই প্রতিবেদন লেখা পর্যন্ত ইন্ডিগো কর্তৃপক্ষের তরফে বিমান বাতিলের কারণ সম্পর্কে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *