‘নর্থইস্ট ইন্টারন্যাশনাল সাসটেইনেবল সামিট ২০২৬, গবেষণাপত্র আহ্বান আসাম বিশ্ববিদ্যালয়ের

Spread the news

বরাক তরঙ্গ, ২৮ জুলাই : আসাম বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগ আগামী ২৩ ও ২৪ সেপ্টেম্বর আয়োজিত নর্থইস্ট ইন্টারন্যাশনাল সাসটেইনেবল সামিট-২০২৬ উপলক্ষে গবেষণাপত্র আহ্বান করেছে। ‘বিশ্বব্যাপী টেকসই উন্নয়নের কর্মসূচিতে উত্তর-পূর্ব ভারত: উদ্ভাবন, অন্তর্ভুক্তি ও সবুজ রূপান্তর’ শীর্ষক এই আন্তর্জাতিক সম্মেলনের লক্ষ্য উত্তর-পূর্ব ভারতের টেকসই উন্নয়ন, উদ্ভাবন, অন্তর্ভুক্তিমূলক অগ্রগতি এবং সবুজ রূপান্তর নিয়ে আন্তঃবিষয়ক আলোচনা আরও জোরদার করা।

সোমবার এই সম্মেলনের আনুষ্ঠানিক ওয়েবপেজ উদ্বোধন করেন সমাজকর্ম বিভাগের প্রধান অধ্যাপক তরুণ বিকাশ সুকাই। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সেমিনারের আহ্বায়ক ড. লালজো এস থাংজম, সমন্বয়কারী অধ্যাপক এম তিনেশ্বরী দেবী, সহ-আহ্বায়ক এম. ঈশ্বরজিৎ সিং, সহ-সমন্বয়কারী অবন্তিকা লাংথাসা সহ বিভাগীয় শিক্ষক-শিক্ষিকা ও গবেষকরা।

সম্মেলনের ঘোষণা দিতে গিয়ে ড. লালজো এস থাংজম বলেন, উত্তর-পূর্ব ভারতকে টেকসই উন্নয়নবিষয়ক গবেষণার অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে এই সম্মেলন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এর মাধ্যমে একাডেমিক গবেষণা, জননীতি এবং তৃণমূল পর্যায়ের অভিজ্ঞতার মধ্যে কার্যকর সংলাপের সুযোগ সৃষ্টি হবে। অধ্যাপক এম তিনেশ্বরী দেবী বলেন, এই সম্মেলন উন্নয়ন-সংক্রান্ত চ্যালেঞ্জ নিয়ে তথ্যভিত্তিক আলোচনা উৎসাহিত করবে এবং গবেষক, নীতিনির্ধারক, পেশাজীবী ও সংশ্লিষ্ট অংশীদারদের মধ্যে সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচন করবে।

দেশের ও বিদেশের শিক্ষাবিদ, গবেষক, সরকারি কর্মকর্তা, শিল্পক্ষেত্রের বিশেষজ্ঞ এবং শিক্ষার্থীদের কাছ থেকে মৌলিক গবেষণাপত্র আহ্বান করেছে সমাজকর্ম বিভাগ। আগামী ২৭ জুলাই থেকে ৩১ আগস্ট পর্যন্ত গবেষণাপত্রের সারসংক্ষেপ জমা দেওয়া যাবে। নির্বাচিত গবেষণাপত্র জাতীয় ও আন্তর্জাতিক মানের সম্পাদিত গ্রন্থ এবং স্বনামধন্য গবেষণা সাময়িকীতে প্রকাশের জন্য বিবেচিত হবে।

সম্মেলন সম্পর্কে বিস্তারিত তথ্যের জন্য আগ্রহীরা neiss.aus.sw@gmail.com ই-মেইলে যোগাযোগ করতে পারবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *