বরাক তরঙ্গ, ২৮ জুলাই : টানা বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হয়েছে মিজোরামের ভৈরবিগামী ৬ নম্বর জাতীয় সড়কের একাধিক অংশ। বিশেষ করে জিরো পয়েন্ট থেকে পাংবালকাউন পর্যন্ত সড়কের অবস্থা অত্যন্ত বেহাল হয়ে পড়ায় ওই রুটে যাত্রীবাহী বাস, ম্যাক্সিক্যাব ও ট্যাক্সি পরিষেবা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে।
সূত্রে জানা গেছে, সড়কের বিভিন্ন অংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় যান চলাচল অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। যাত্রীদের নিরাপত্তার কথা বিবেচনা করে সংশ্লিষ্ট পরিবহন মালিক ও চালকরা রাস্তার পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন। সোমবার থেকে এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে।
পরিবহন কর্তৃপক্ষ জানিয়েছে, পরিষেবা বন্ধ থাকার সময় কোনও বাস, ম্যাক্সিক্যাব বা ট্যাক্সি ভাড়ায় চলবে না। সাধারণ মানুষের কাছে পরিস্থিতি অনুধাবন করে সহযোগিতা কামনা করা হয়েছে। একই সঙ্গে আশ্বাস দেওয়া হয়েছে, সড়ক চলাচলের উপযোগী হলেই পুনরায় পরিবহন পরিষেবা চালু করা হবে।
এদিকে, ভৈরবি থেকে আইজলগামী যাত্রীদের আপাতত রেলপথ ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে। তবে কেউ ব্যক্তিগত গাড়িতে এই পথে যাতায়াত করতে চাইলে তা সম্পূর্ণ নিজ দায়িত্বে করতে হবে বলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ স্পষ্ট জানিয়েছে।



