কারখানায় বিস্ফোরণ: নিহতদের পরিবারকে মুখ্যমন্ত্রীর ত্রাণ, দোষীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের আশ্বাস গোয়ালার

Spread the news

বরাক তরঙ্গ, ২৭ জুলাই : কাছাড় জেলার উধারবন্দের পানগ্রামে অবস্থিত কেডি গ্লোবাল ইনফ্রাস্ট্রাকচার রড ইন্ডাস্ট্রিতে ভয়াবহ বিস্ফোরণে নিহত তিন শ্রমিকের বাড়িতে গিয়ে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন এবং সমবেদনা জানান বিধায়ক রাজদীপ গোয়ালা। মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মা নির্দেশে সোমবার বিধায়ক গোয়ালা নিহত তিন শ্রমিক কিরণ মুণ্ডা, অপু বড়াইক ও শ্যামল গোড়ের পরিবারের খোঁজখবর নিয়ে তাঁদের হাতে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ৫ লক্ষ টাকা করে আর্থিক সহায়তা তুলে দেন। পাশাপাশি অতিরিক্ত ১০ হাজার টাকাও প্রদান করেন তিনি। এ সময় বিধায়ককে দেখে পরিবারের সদস্যরা আবেগাপ্লুত হয়ে পড়েন।

পরবর্তীতে তিনি দুর্ঘটনাস্থল কেডি গ্লোবাল ইনফ্রাস্ট্রাকচার রড ইন্ডাস্ট্রি পরিদর্শন করেন। সেখানে সাংবাদিকদের তিনি জানান, মুখ্যমন্ত্রীর নির্দেশে ঘটনাটির ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্ত শুরু হয়েছে। পাশাপাশি বিস্ফোরণের প্রকৃত কারণ উদ্ঘাটনে ফরেনসিক বিশেষজ্ঞ দল ঘটনাস্থলে আসছে। রাজদীপ গোয়ালা বলেন, মুখ্যমন্ত্রী স্পষ্ট নির্দেশ দিয়েছেন, এই দুর্ঘটনার জন্য দায়ীদের কাউকেই ছাড় দেওয়া হবে না। ইতিমধ্যেই কারখানার ম্যানেজার আমিরচান্দ জাহাঙ্গীর, রাজেন্দ্র চৌরাসিয়া সহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। এছাড়া গুয়াহাটি থেকে রাকেশ কুমার সুরানা নামে মালিকপক্ষের এক পরিচালককে গ্রেফতার করা হয়েছে। তাঁকে শিলচরে নিয়ে আসা হয়। কলকাতায় থাকা কারখানার মালিককে থানায় হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য সামনে আসবে এবং নিহতদের পরিবার যাতে ন্যায্য ক্ষতিপূরণ পায়, সে লক্ষ্যে সরকার ও তিনি নিজে আইনি প্রক্রিয়ায় সব ধরনের সহযোগিতা করবেন।

এদিন বিধায়কের সঙ্গে উপস্থিত ছিলেন কাছাড়ের জেলা আয়ুক্ত রাহুলকুমার গুপ্তা, সিনিয়র পুলিশ সুপার সঞ্জীবকুমার শইকিয়া, বিভিন্ন বিজেপি মণ্ডল ও জেলা নেতৃত্ব, জেলা দুর্যোগ মোকাবিলা বাহিনীর ফিল্ড অফিসার করণজিৎ ধর, সার্কল অফিসার প্রাণবানন্দ দোয়ারা-সহ প্রশাসনের অন্যান্য আধিকারিকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *