দিল্লির ছাত্র বিক্ষোভকে ঘিরে অভিযোগের প্রতিবাদে শিলচরে প্রগ্রেসিভ ইয়ুথ অব শিলচরের বিক্ষোভ

Spread the news

রূপক চক্রবর্তী, শিলচর।
বরাক তরঙ্গ, ২৫ জুলাই :
নিট (NEET) প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে দিল্লিতে অনুষ্ঠিত ছাত্র বিক্ষোভে কথিত অরাজকতা ও দেশবিরোধী স্লোগানের অভিযোগের প্রতিবাদে শিলচরে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে রাষ্ট্রবাদী ছাত্র সংগঠন প্রগ্রেসিভ ইয়ুথ অব শিলচর।
শনিবার ছাত্রনেতা স্নেহাংশু ভট্টাচার্যের নেতৃত্বে শিলচরের গুরুচরণ বিশ্ববিদ্যালয়ের সামনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, ছাত্র আন্দোলনের নামে কোনও দেশবিরোধী স্লোগান বা ধর্মীয় বিভাজনমূলক কর্মকাণ্ডকে তারা সমর্থন করে না এবং এ ধরনের কার্যকলাপ বরদাস্ত করা হবে না।

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন প্রান্তে ছাত্রদের ব্যবহার করে রাজনৈতিক স্বার্থসিদ্ধির চেষ্টা চলছে। একই সঙ্গে তাঁরা নিট প্রশ্নপত্র ফাঁসের ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, এই দুর্নীতির সঙ্গে জড়িত সকল অভিযুক্তের বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতম আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা উচিত।

বক্তাদের বক্তব্য, দেশের লক্ষ লক্ষ পরিশ্রমী ছাত্রছাত্রীর ভবিষ্যৎ নিয়ে কোনও ধরনের দুর্নীতি বা অনিয়ম মেনে নেওয়া যায় না। তাই ঘটনার নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান তাঁরা।

এছাড়াও, আন্দোলনের নামে যদি কোনও ব্যক্তি বা গোষ্ঠী দেশবিরোধী কিংবা কোনও ধর্মের বিরুদ্ধে উসকানিমূলক স্লোগান দেয়, তবে তা দায়িত্বশীল ছাত্রসমাজের অবস্থান হতে পারে না বলেও মত প্রকাশ করেন উপস্থিত শিক্ষার্থীরা। এ ধরনের কর্মকাণ্ডকে অগ্রহণযোগ্য বলে উল্লেখ করা হয়।

বক্তারা বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইতোমধ্যেই নিট প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন। দ্রুত বিচার নিশ্চিত করতে ফাস্ট-ট্র্যাক ব্যবস্থার উদ্যোগকে স্বাগত জানিয়ে তাঁরা প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং আশা প্রকাশ করেন, সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত হবে। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের অনিয়ম রোধে কার্যকর ও দীর্ঘমেয়াদি পদক্ষেপ গ্রহণেরও দাবি জানান।

কর্মসূচির শেষে প্রগ্রেসিভ ইউথ অফ শিলচরের পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতে ছাত্র আন্দোলনের আড়ালে যদি কোনও দেশবিরোধী কার্যকলাপ পরিচালিত হয়, তবে তার বিরুদ্ধে বৃহত্তর গণআন্দোলন গড়ে তোলা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *