বরাক তরঙ্গ, ২১ জুলাই : প্রবল ও টানা বৃষ্টিপাতের জেরে গুয়াহাটির আরও পাঁচটি এলাকাকে ভূমিধসপ্রবণ অঞ্চল হিসেবে ঘোষণা করেছে কামরূপ মহানগর জেলা প্রশাসন এবং দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ। মঙ্গলবার মালিগাঁও ও কামাখ্যা এলাকায় ভূমিধসের ঘটনা ঘটার পরই এই সিদ্ধান্ত নেওয়া হয়। প্রশাসনের প্রকাশিত তালিকা অনুযায়ী, কামাখ্যা মন্দিরে যাওয়ার মূল সড়কের পাশে অবস্থিত প্রশান্তি লজের সংলগ্ন এলাকা, কামাখ্যা কলোনির গণেশ মন্দিরের পাশ, পশ্চিম কামাখ্যা গ্রামের পানির ট্যাঙ্ক সংলগ্ন এলাকা, পাণ্ডু মন্দিরের আশপাশ এবং মালিগাঁওয়ের মহাদেব নগর—এই পাঁচটি এলাকায় ভূমিধসের আশঙ্কা রয়েছে।
জেলা প্রশাসনের পক্ষ থেকে সাধারণ মানুষকে বিশেষ প্রয়োজন না থাকলে এই এলাকাগুলিতে যাতায়াত এড়িয়ে চলার অনুরোধ জানানো হয়েছে। টানা বৃষ্টির কারণে যেকোনো সময় ভূমিধসের ঘটনা ঘটতে পারে বলে সতর্ক করা হয়েছে।
এদিকে, কামাখ্যা মন্দিরে দর্শনের উদ্দেশ্যে যাওয়া ভক্তদেরও সতর্ক থাকার পরামর্শ দিয়েছে প্রশাসন। বিশেষ করে প্রশান্তি লজ সংলগ্ন এলাকায় ভূমিধস হলে কামাখ্যা মন্দিরে যাওয়ার প্রধান সড়কে যাতায়াত ব্যাহত হওয়ার পাশাপাশি ভক্তদের নিরাপত্তাও বিঘ্নিত হতে পারে।



