বরাক তরঙ্গ, ২১ জুলাই : লখিমপুর জেলার নারায়ণপুরের মাধবপুর এলাকায় নির্মীয়মাণ জল জীবন মিশন (জেজেএম)-এর একটি জলাধারে পড়ে ৯ বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যুর ঘটনা সামনে এসেছে। এই ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
মৃত শিশুটির নাম অংশুমান শইকিয়া। সে নারায়ণপুর বালক মিডল স্কুলের চতুর্থ শ্রেণির ছাত্র ছিল।
জানা গেছে, সোমবার বিকেল প্রায় ৪টা নাগাদ অংশুমান নিখোঁজ হয়ে যায়। দীর্ঘ সময় বাড়ি না ফেরায় তার বাবা পূর্ণানন্দ শইকিয়া স্থানীয় বাসিন্দাদের নিয়ে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। দীর্ঘ তল্লাশির পর নির্মীয়মাণ জল জীবন মিশনের জলাধারের ভিতর থেকে অংশুমানের মরদেহ উদ্ধার করা হয়। কীভাবে সে জলাধারে পড়ে গেল, তা এখনও স্পষ্ট নয়। ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু হয়েছে বলে জানা গেছে।
এই মর্মান্তিক ঘটনায় এলাকাজুড়ে গভীর শোকের পরিবেশ সৃষ্টি হয়েছে। স্থানীয়দের একাংশ নির্মীয়মাণ প্রকল্প এলাকায় পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার দাবিও তুলেছেন।



