বরাক তরঙ্গ, ১৫ জুলাই : মাদকবিরোধী অভিযানে বড় সাফল্য পেল আগরতলা সরকারি রেল পুলিশ (জিআরপি)। বুধবার সন্ধ্যা প্রায় ৬টা নাগাদ আগরতলা রেল স্টেশন চত্বরে অভিযান চালিয়ে ১৫০ বোতল নিষিদ্ধ এসকাফ (ESkuf) কফ সিরাপসহ এক যুবককে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তার হওয়া যুবকের নাম কুট্টি দাস (২০)। তিনি পশ্চিম ত্রিপুরা জেলার আমতলি থানার অন্তর্গত ডুকলি বাঁকুমারী এলাকার (ওয়ার্ড নং–৪৫) বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা গেছে, সন্দেহের ভিত্তিতে তল্লাশি চালিয়ে অভিযুক্তের হাতব্যাগ থেকে ১৫০ বোতল এসকাফ কফ সিরাপ উদ্ধার করা হয়। পুলিশের দাবি, উদ্ধার হওয়া কফ সিরাপের কালোবাজারি মূল্য আনুমানিক ৩ লক্ষ টাকা। ঘটনাস্থলেই অভিযুক্তকে গ্রেপ্তার করা হয় এবং উদ্ধার হওয়া সমস্ত মাদকদ্রব্য বাজেয়াপ্ত করা হয়েছে।



