বসতবাড়ির উপর দিয়ে ১১ হাজার ভোল্টের হাই-টেনশন লাইন নয়, বিকল্প পথের দাবি গ্রামবাসীর

Spread the news

বরাক তরঙ্গ, ১৫ জুলাই : কাছাড় জেলার ধলাই বিধানসভা এলাকার রাজনগর টিলাগ্রাম বস্তিতে নতুন ১১ হাজার ভোল্টের হাই-টেনশন বিদ্যুৎ লাইন স্থাপনকে কেন্দ্র করে উদ্বেগ ও ক্ষোভ ছড়িয়েছে। বসতবাড়ির উপর দিয়ে বিদ্যুৎ লাইন টানা হলে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে বলে অভিযোগ তুলে লাইন পরিবর্তনের দাবিতে বিদ্যুৎ বিভাগের সোনাই এপিডিসিএল সাব-ডিভিশনের এসডিওর কাছে লিখিত আবেদন জমা দিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

গ্রামবাসীর অভিযোগ, যে রাস্তার পাশ দিয়ে নতুন হাই-টেনশন লাইন স্থাপনের পরিকল্পনা করা হয়েছে, তার দুই পাশে অসংখ্য বসতবাড়ি ও বড় বড় গাছ রয়েছে। এই পরিস্থিতিতে বাড়ির উপর দিয়ে এইচটি লাইন গেলে ভবিষ্যতে প্রাণহানিসহ বড় ধরনের দুর্ঘটনার ঝুঁকি তৈরি হতে পারে বলে তাঁদের আশঙ্কা।
স্থানীয়দের দাবি, এলাকায় আগে থেকেই একটি বিদ্যমান সাব-লাইন রয়েছে। তাই নতুন ১১ হাজার ভোল্টের হাই-টেনশন লাইন বসতবাড়ির উপর দিয়ে না নিয়ে বিকল্প ও নিরাপদ পথ দিয়ে স্থাপনের জন্য বিদ্যুৎ বিভাগকে অনুরোধ জানানো হয়েছে।

এ বিষয়ে সোনাই এপিডিসিএল সাব-ডিভিশনের এসডিইর কাছে একটি লিখিত স্মারকলিপি জমা দেওয়া হয়েছে। পাশাপাশি আবেদনপত্রের অনুলিপি কাছাড়ের জেলা কমিশনার, জেলা বিদ্যুৎ দপ্তর এবং সংশ্লিষ্ট বিদ্যুৎ বিভাগের অন্যান্য আধিকারিকদের কাছেও পাঠানো হয়েছে।

এলাকাবাসীর একটাই দাবি, মানুষের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে নতুন বিদ্যুৎ লাইন এমনভাবে স্থাপন করা হোক, যাতে কোনও বসতবাড়ির উপর দিয়ে হাই-টেনশন লাইন না যায় এবং ভবিষ্যতে কোনো দুর্ঘটনার আশঙ্কা না থাকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *