জনসংযোগ, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ১৫ জুলাই : শ্রীভূমির হরিনগরের জওহর নবোদয় বিদ্যালয়ের অধ্যক্ষ এক বিজ্ঞপ্তি যোগে জেলার সব অভিভাবক, শিক্ষক শিক্ষিকা ও শিক্ষার্থীদের অবগতির জন্য জানিয়েছেন, জওহর নবোদয় বিদ্যালয় সমিতি বা এনভিএস ২০২৭-২৮ শিক্ষাবর্ষে ষষ্ঠ শ্রেণিতে ভর্তির জন্য জওহর নবোদয় বিদ্যালয় নির্বাচন পরীক্ষা বা জেএনভিএসটি ২০২৭-এর অনলাইন আবেদন গ্রহণ শুরু করেছে। এতে অনলাইনে আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ ৩১ জুলাই। এর জন্য চলতি বছরের ২৮ নভেম্বর প্রবেশিকা পরীক্ষা অনুষ্ঠিত হবে।
আবেদন সম্পূর্ণ বিনামূল্যে করা যাবে এবং আবেদনকারীকে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে স্বীকৃত বিদ্যালয়ে পঞ্চম শ্রেণিতে অধ্যয়নরত হতে হবে এবং সংশ্লিষ্ট জেলার বাসিন্দা হতে হবে। এতে জেলার অভিভাবকদের নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় নথিপত্রসহ অনলাইনে আবেদন সম্পন্ন করতে আহ্বান জানানো হয়েছে। তবে আবেদনপত্র পূরণের সময় কোনও তথ্য ভুল প্রদান করা হলে আবেদন বাতিল হতে পারে। আবেদনের জন্য যোগ্যতা, বয়সসীমা, পরীক্ষার পদ্ধতি এবং আবেদন সংক্রান্ত নির্দেশিকার বিস্তারিত বিবরণ অফিসিয়াল প্রসপেক্টাসে উল্লেখ রয়েছে।
অনলাইনে আবেদনের লিঙ্ক হচ্ছে – https://cbseitms.rcil.gov.in/nvs. এতে সকল যোগ্য শিক্ষার্থীকে জেএনভিএসটি ২০২৭-এ অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।



