বরাক তরঙ্গ, ১৪ জুলাই : বাংলা সাহিত্য সভা অসমের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শিলচর শাখার উদ্যোগে মঙ্গলবার বিকেলে বিবেকানন্দ রোডের কেন্দ্রীয় সরকারের দ্বারা পরিচালিত “শক্তি সদন শেল্টার হোম”-এ থাকা শিশুদের মধ্যে খাতা-কলম ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে শাখার সভাপতি বিদ্যুজ্জ্যোতি পুরকায়স্থ, উপ-সভাপতি দীপঙ্কর ঘোষ, সাধারণ সম্পাদক নিবেদিতা চক্রবর্তী, অভিজিৎ দে, ড. সন্দীপা দাস শীল, নীলাঞ্জন পাল, বিশ্বরাজ ভট্টাচার্য, বিদ্যায়তনিক সম্পাদক দেবযানী চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।
অধিবেশনের শুরুতে শক্তি সদন শেল্টার হোমের আবাসিক শিশুরা সঙ্গীত ও নৃত্য পরিবেশন করে অতিথিদের মনোমুগ্ধ করে। শিলচর শাখার সভাপতি বিদ্যুজ্জ্যোতি পুরকায়স্থ তাঁর বক্তব্যে বাংলা সাহিত্য সভা অসমের সঙ্গে জড়িয়ে থাকা স্মৃতি ও সংগঠনের লক্ষ্য-লক্ষ্য স্মরণ করান। সাধারণ সম্পাদক নিবেদিতা চক্রবর্তী সংস্থার সাংগঠনিক কর্মকাণ্ডের বিস্তারিত বর্ণনা দিয়ে বলেন, সম্মিলিতভাবে মানবিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে রাজ্যের বাংলা ভাষাভাষী জনগণের উন্নতির লক্ষ্যে কাজ চালিয়ে যাচ্ছে সংগঠনটি। অনুষ্ঠানে উপ-সভাপতি দীপঙ্কর ঘোষ ও দেবযানী চৌধুরীও বক্তব্য রাখেন।
কবি-লেখক ও সঙ্গীতশিল্পী বিশ্বরাজ ভট্টাচার্য্য ও সঙ্গীতশিল্পী নীলাঞ্জন পাল সঙ্গীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানকে উৎসবমুখর করে তোলেন। শেষপর্যায়ে উপস্থিত সকলে একযোগে জাতীয় সংগীত পরিবেশন করে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।



